দেশজুড়ে

নদীগর্ভে বিলীনের শঙ্কায় বাবুগঞ্জ বাজার, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস

বরিশালের বাবুগঞ্জ বাজার ও আশপাশের ঘরবাড়ি-স্থাপনা নদীভাঙনের হুমকিতে পড়েছে। ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা, সময়মতো ব্যবস্থা না নিলে মানুষের ঘরবাড়ি ও শেষ সম্বল নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।

বাবুগঞ্জ বাজারের বাসিন্দা ও বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বলেন, বাজার ও আশপাশের স্থাপনা রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবালকে একাধিকবার ভাঙনের ভয়াবহতার কথা জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কার্যকর কোনো প্রতিরোধ ব্যবস্থা দেখা যায়নি।

তিনি বলেন, মানুষের ঘরবাড়ি ও শেষ সম্বল নদীগর্ভে চলে যাওয়ার পর ব্যবস্থা নিলে সেই ক্ষতি আর পুষিয়ে নেওয়া সম্ভব হবে না। শত বছরের ঐতিহ্যবাহী বাবুগঞ্জ বাজার রক্ষায় এখনই জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম সেলিমা রহমান বলেন, নদীভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা করে বাবুগঞ্জ বাজার রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, বাবুগঞ্জ বাজার রক্ষায় একটি প্রকল্প পানি উন্নয়ন বোর্ডে জমা দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা করে প্রকল্পটি বাস্তবায়নের ব্যবস্থা করা হবে।

এদিকে নদীভাঙন ও জরুরি প্রতিরোধ ব্যবস্থা প্রসঙ্গে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

সন্ধানী বার্তা/এম/এসআইপি 


সম্পর্কিত খবর