বুধবার , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়

গ্রাহকসেবা উন্নয়ন ও বিদ্যুৎ চুরি রোধে নির্দেশনা

ট্রান্সফরমার পোড়ার হার কমানো, সিস্টেম লস হ্রাস, অবৈধ বিদ্যুৎ সংযোগ ও বিদ্যুৎ চুরির বিরুদ্ধে অভিযান জোরদার এবং বকেয়া বিল আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

মঙ্গলবার (১৬ জুন) অনুষ্ঠিত সমিতির ১০৮তম মাসিক স্টাফ সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। বুধবার এক বার্তায় এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

সভায় ট্রান্সফরমার পোড়ার হার কমাতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, সিস্টেম লস হ্রাসে কার্যকর উদ্যোগ বাস্তবায়ন, অবৈধ বিদ্যুৎ সংযোগ ও বিদ্যুৎ চুরির বিরুদ্ধে অভিযান জোরদার, বকেয়া বিল আদায় কার্যক্রম গতিশীলকরণ এবং ডে ও নাইট অপারেশন কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া উন্নত ও হয়রানিমুক্ত গ্রাহকসেবা নিশ্চিত করা, সময় মতো মিটার রিডিং গ্রহণ ও নির্ভুল বিল বিতরণ, প্রিপেইড গ্রাহকদের নেগেটিভ ব্যালেন্স সংক্রান্ত বিষয় দ্রুত নিষ্পত্তি, নিয়মিত নিরাপত্তা সভা আয়োজন এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

পাশাপাশি বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগকালীন নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি, টুলস ও সরঞ্জামের নিয়মিত রক্ষণাবেক্ষণ, সততা ও জবাবদিহিতার সংস্কৃতি সুদৃঢ়করণ, ভালো কাজের স্বীকৃতি প্রদান এবং যানবাহন, কম্পিউটার ও অন্যান্য অফিস সরঞ্জামের সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সভায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর জেনারেল ম্যানেজার গোলাম কাউসার তালুকদার বলেন, প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করে গ্রাহকদের দ্রুত, নির্ভুল, নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা প্রদানে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সন্ধানী বার্তা/এসকে/এমএসআইপি 


সম্পর্কিত খবর