
কেন বসে আছ? কি দরকার বসে থাকার
কোনো তপ্তহীন রোদ্দুরের আভাস নেই অথবা কায়া
এখানে চারদিকের মিটিং মিছিল
হলুদ খামের চিঠি
দেখনি, দেখনি কোনো পথচারীর নির্বিকার হাটা
গভীর ক্লান্ত সব, অপেক্ষার প্রহরে এলোমেলো সময়
তবুও ভাবি, কেন স্বপ্ন দেখি একরাশ ভিড়ের মিছিলে।
ওরা তো দলবেধে জড় হয় হাটে মাঠে
অন্ধ কুঠুরি বা আলোর মশালে
অথবা সবুজ ঘাসের নরম চাঁদরে
ওরা আসে নিঃশব্দে শত উচ্ছ্বাসে
কেন অপেক্ষায় আছ? কি কারণ অপেক্ষার
কোনো আশা ব্যঞ্জনের পরিণয় নেই অথবা মায়া
এখানে হট্টগোলে হৃদয় শিথিল
নীল রাজপথ
খোঁজনি, খোঁজনি কোনো মায়ের বুক ফাটা আর্তনাদ
আমি অন্ধ, অন্ধত্বের গলিতে ভীষণ একা
বুঝতে চাই, কেন নির্বাক সময়ের দাবিতে
ওরা আসতে চায় শত জয়ের হাসিতে
বন্ধুত্ব বা মনের খেয়ালে
অথবা আহ্লাদিত হাওয়ার আদরে
ওরা চলে শ্রেণিভেদের গণ্ডি পেরিয়ে।
আকস্মিক জোয়ারে
বাধ ভাঙল আমার
সীমাহীন মৌনতা।
লেখক: প্রভাষক, বাংলা বিভাগ, নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।






