বুধবার , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

অপরাধ

ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুর: বৈষম্যবিরোধীর ৭ নেতা গ্রেফতার

ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রোববার (৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা সবাই ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির দায়িত্বশীল পদে রয়েছেন। গত ৭ মার্চ শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে পাম্প কর্মচারীদের পিটুনিতে নিরব নামের এক যুবক নিহত হয়। নিহত যুবক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য ছিলেন। হত্যাকাণ্ডের পর গভীর রাতে বাসে অগ্নিসংযোগ ও তেল পাম্পে ভাঙচুরের ঘটনায় সদর থানায় দুটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় তাদের গ্রেফতার করে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ গোয়েন্দা সংস্থার ওসি সাব্বির আহমেদ জানান, আটক ব্যক্তিরা হলেন- ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাশদীদ হাসান, যুগ্ম আহ্বায়ক এজাজ হোসেন অন্তর, ‘দ্য রেড জুলাই’-এর আহ্বায়ক আবু হাসনাত তানাঈম, কেন্দ্রীয় যুব শক্তির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির ও রাসেল হুসাইন।

সন্ধানী বার্তা/জেএন


সম্পর্কিত খবর