দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, যেসব ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় নিত্যপণ্য অবৈধভাবে মজুত করে বাজারে মূল্য বৃদ্ধি করেন, তারা দেশ ও জাতির শত্রু। ইসলামে মজুতদারি ব্যবসাকে হারাম বা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
আর বর্তমান সরকার মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ময়মনসিংহে উপজেলা পরিষদের সভাকক্ষে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় ব্যবসায়ীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আপনারা যেমন হালাল ব্যবসা করবেন, তেমনি বাজারে চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। চাঁদাবাজ যে বা যে দলেরই হোক, তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য দিন। প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় গৌরীপুরের ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার চেষ্টা চলমান জানিয়ে গৌরীপুর পৌর এলাকায় শিশুদের জন্য একটি বিনোদন পার্ক নির্মাণের ঘোষণা দেন এম ইকবাল হোসেইন।
সভায় গৌরীপুর সম্মিলিত ব্যবসায়ী ফোরামের আহ্বায়ক মাহবুবুল আলম ফারুকের সভাপতিত্বে সদস্য সচিব আলী আকবর আনিসের সঞ্চালনায় বক্তব্য দেন আরও বিসিআইসি সার ডিলার সভাপতি মুক্তার উদ্দিন চৌধুরী, ধান ও পাট ব্যবসায়ী সমিতির সভাপতি আলী আহাম্মদ, গৌরীপুর ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র পাল প্রমুখ।
এদিকে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে পৌর এলাকার বাজার সড়ক কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া আমীন পাপ্পা, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, সহকারী প্রকৌশলী মদন মোহন দাস, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান উপস্থিত ছিলেন।
সন্ধানী বার্তা/জেএন