দেশজুড়ে

রাজশাহীতে তীব্র গরম, ভয়াবহ লোডশেডিং ও মশার অত্যাচারে অতিষ্ঠ জনজীবন

রাজশাহীতে তীব্র গরম,ভয়াবহ লোডশেডিং ও মশার অত্যাচারে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। মানুষের স্বাভাবিক জীবনে ছন্দপতন ঘটেছে। কোন কাজই ঠিকমতো করা সম্ভব হচ্ছে না।

চলতি বৈশাখ মাস শুরু হওয়ার পর থেকে তীব্র গরমে হাঁসফাঁস করছে রাজশাহীর বাসিন্দারা। কয়েক দিনের ব্যবধানে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত তিনদিন ধরে রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস। এটি এখন পর্যন্ত চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রী সেলসিয়াস।

এখানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে টানা কয়েকদিনের এই তাপপ্রবাহে বেড়েছে মানুষের ভোগান্তি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বোচ্চ তাপমাত্রা ৩৬-৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি তাপপ্রবাহ, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ এবং ৪২ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি হলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়। সেই হিসাবে রাজশাহীতে বুধবার তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ রহিদুল ইসলাম বলেন, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি এখন পর্যন্ত মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।

এদিকে রাজশাহী জুড়ে তীব্র লোডশেডিংয়ে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের পর দিন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং শিল্পকারখানার সঙ্গে সংশ্লিষ্টরা। বর্তমানে এসএসসি পরীক্ষার্থীরা পড়েছে চরম বিপাকে। বিদ্যুতের এমন অস্বাভাবিক পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। স্থানীয়দের অভিযোগ, দিনে ৮-১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে প্রচণ্ড গরমে বিদ্যুৎ না থাকায় শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ আরও বেড়েছে।

রাজশাহীর পবা, গোদাগাড়ী ও দূর্গাপুর উপজেলার কৃষকরা জানান, বিদ্যুৎ না থাকায় সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে করে বোরো ধানসহ বিভিন্ন ফসল চরম ঝুঁকির মুখে পড়েছে। কয়েকদিনের তাপপ্রবাহে সেচের অভাবে মাঠ ফেঠে চৌঁচির হয়ে গেছে। জেলার পবা উপজেলার কৃষক সুলতান আলী বলেন,“দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকছে না। আসলেও ১৫ থেকে ২০ মিনিট থাকার পরে আবার টেনে নিচ্ছে। আমাদের জমিতে এখন পানি প্রয়োজন। সেচ পাম্প চালাতে না পারায় জমিতে পানি দিতে পারছি না। এভাবে চললে ফসল নষ্ট হয়ে যাবে।”

গোদাগাড়ী উপজেলার কৃষক মিজানুর রহমান বলেন, “বিদ্যূৎ না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে আমাদের কৃষকদের। সেচ দিতে মেশিনের জন্য ডিজেলও পাচ্ছি না, আবার এইদিকে বিদ্যূৎও থাকছে না ঠিকমত। এভাবে চলতে থাকলে তো আমাদের জন্য অনেক সমস্যা।”

কৃষির পাশাপাশি লোডশেডিংয়ের প্রভাব পড়েছে শিল্প ও ব্যবসা খাতেও। ছোট ছোট কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, অনেক জায়গায় কাজ বন্ধ রাখতে হচ্ছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, এইভাবে চলতে থাকলে তাদের পথে বসতে হবে। রাজশাহী মহনগরীর স্বাগতম অফসেট প্রসেস এন্ড প্রিন্টিং এর প্রোপাইটার ও বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি রাজশাহী শাখার সাধারণ সম্পাদক স্বাগতম নষ্কার বলেন, ” ভয়াবহ লোডশেডিংয়ে কাজে মারাত্মক ব্যাঘাত ঘটছে। প্রায় ১০-১২ দিন থেকে নিয়মিত লোডশেডিং চলছে। বিদ্যুৎ না থাকলে আমাদের সব কাজ বন্ধ হয়ে যায়। জেনারেটর চালাতে খরচ বেশি, এতে লাভ তো দূরের কথা, টিকে থাকাই কঠিন হয়ে পড়ছে।”

নগরীর সাহেববাজার এলাকার দোকানদার রাশেদ আলী বলেন,“দিনে কয়েকবার বিদ্যুৎ চলে যায়। ফ্রিজে রাখা পণ্য নষ্ট হওয়ার উপক্রম। আবার এই গরমের ভিতরে বিদ্যূৎহীন দোকান ঘরে বসে থাকাও অনেক কষ্ট হয়ে পড়ছে। আমরা চাই অতিদ্রুত যেন বিদ্যূৎ ব্যবস্থা স্বাভাবিক হয়।”

বিসিক শিল্প এলাকার ব্যবসায়ী সাহেব আলী বলেন,“এই দূর্ভোগের শেষ কোথায়? এভাবে বিদ্যূৎ না থাকলে তো আমাদের ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখাই অনেক কঠিন হয়ে পড়বে। সারাদিনের ভিতরে বিদ্যূৎ না থাকায় আমার মিলের শ্রমিকেরা বসেই সময় পার করছে। ব্যবসায়ীদের স্বার্থে হলেও বিদ্যূৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানাই।”

গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন গ্রামীন এলাকার মানুষেরা। অনেক এলাকায় দিনের পাশাপাশি রাতেও লোডশেডিং অব্যাহত থাকছে, ফলে ঘুমের ব্যাঘাত ঘটছে। জেলার দূর্গাপুর উপজেলার উজানখলসী গ্রামের বাসিন্দা তৈয়মুর ইসলাম বলেন,“গত প্রায় ১৫ দিন থেকে আমাদের এলাকায় লোডশেডিং নিয়মিত হচ্ছে। দিনের পাশাপাশি রাতেও কারেন্ট থাকছে না। এতে আমাদের পড়াশোনা এবং ঘুম কোনটাই হচ্ছে না।”

পবা উপজেলার নওহাটা পৌরসভার পিল্লাপাড়া গ্রামের গৃহিনী জয়নব বেগম বলেন,“আমরা লোডশেডিং ভূলেই গেছিলাম। কিন্তু গত কয়েকদিন থেকে যেভাবে লোডশেডিং হচ্ছে তাতে আমাদের খুবই কষ্ট হচ্ছে। আমরা নতুন সরকারের কাছে দাবি জানাই, অতিদ্রুত লোডশেডিং থেকে যেন আমরা মুক্তি পাই।”

রাজশাহী নগরীর উপশহর এলাকার বাসিন্দা গৃহিণী শারমিন আক্তার বলেন,” বিদ্যুৎ না থাকায় রাতে ঠিকমত ঘুমাতে পারছি না।”

তবে অবাক করা বিষয় হলো, রাজশাহী নেসকো এবং রাজশাহী পল্লী বিদ্যূতের শীর্ষ দুই কর্মকর্তা লোডশেডিং বেশি হচ্ছে এটি মানতে তারা নারাজ। তারা জানান, রাজশাহীতে খুবই সামান্য সময়ের জন্য লোডশেডিং হচ্ছে।

নেসকো রাজশাহী কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমানের কাছে লোডশেডিংয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,“রাজশাহীতে ৪৭০ মেগাওয়াট বিদ্যূৎ চাহিদা রয়েছে। আমাদের এখানে বিদ্যূতের চাহিদা মিটিয়ে ১৬-১৭ মেগাওয়াট বিদ্যূৎ অবশিষ্ট থাকছে। রাজশাহীতে লোডশেডিং খুবই কম সময়ের জন্য হচ্ছে। আমরা গ্রাহক চাহিদা এবং ভালো সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করছি।”

চাহিদা ও সরবরাহের মধ্যে সাময়িক ঘাটতির কারণে এই সমস্যা তৈরি হয়েছে। খুব শিগগিরই লোডশেডিং কমে আসবে বলে জানিয়ে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার রমেন্দ্র চন্দ্র রায় বলেন,“রাজশাহীতে কিছুটা লোডশেডিং বেড়েছে। আমাদের এখানে ২৫ থেকে ৩০ শতাংশ লোডশেডিং এখন চলছে। আমাদের রাজশাহীতে পল্লী বিদ্যূতের বিদ্যূৎ চাহিদা রয়েছে ১০০ মেগাওয়াট। সে অনুযায়ী লোডশেডিং একেবারেই অল্প হচ্ছে।”

তবে স্থানীয় বাসিন্দা, কৃষক ও ব্যবসায়ীরা দ্রুত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। তারা বলছেন, এই সংকট দীর্ঘস্থায়ী হলে কৃষি উৎপাদন, স্থানীয় অর্থনীতি ও জনজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে।

এদিকে রাজশাহীতে মশার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসী। দিন দিন বেড়েই চলেছে মশার উপদ্রব। দিন-রাত বলে কোনো সময় নেই। মশার মাত্রাতিরিক্ত আক্রমণে অতিষ্ঠ নগরীর মানুষ। মশার এই মাত্রাতিরিক্ত উপদ্রব থেকে কবে বা কতটুকু রেহাই মিলবে নাকি আদৌ রেহাই মিলবে না সেই দুঃশ্চিতায় দিন-রাত কাটছে নগরবাসীর।

রাজশাহী নগরজুড়ে ফেব্রুয়ারি থেকে মশার উৎপাত বেড়ে গেছে। এ সময় মশার প্রজননের সময়। তাই সর্বত্রই মশার বিচরণ।

সন্ধ্যার পর এই উৎপাত আরও বেড়ে যায়। মশার জন্য বাইরে বসা যায় না। ঘরেও থাকা যায় না। এ পরিস্থিতিতে মশার কয়েল, অ্যারোসলসহ বিভিন্ন উপায়ে মশার কামড় থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছে মানুষ। মশার কয়েল, স্প্রে ও ইলেকট্রিক ব্যাট ছাড়াও মশারি টাঙিয়েও মশার অত্যাচার থেকে রেহাই পাচ্ছেন না তাঁরা।

রাজশাহী মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ডের শালবাগান এলাকার বাসিন্দা স্কুল শিক্ষক জাফর ইকবাল জানান, রাজশাহী মহানগরীতে মশার উপদ্রব এতটাই বেড়েছে যে বলার মত নয়। তিনি বলেন, অথচ এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন মাথা ব্যাথাই নাই।

একই ওয়ার্ডের বাসিন্দা ফল ব্যবসায়ী মোতালেব ক্ষোভের সুরে বলেন, মশার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। মশা কমার কোনো লক্ষ্মণ নেই। মশা কমবেই বা কি করে? মশা মারার কোন কার্যকরী ব্যবস্থাই তো নেই। বছরে একবার মশার ধোঁয়া দেয় কি দেয় না। এটা দেয়া হয় লোক দেখানোর জন্য মশা মারার জন্য নয়। তিনি আরও বলেন, সিটি করপোরেশন থেকে মাঝেমধ্যে মশা নিধনের কর্মসূচি হাতে নেয়া হয়। তবে সেটা শুধুই কাগজে কলমে। বাস্তবে ছিটে ফোঁটাও লক্ষ্য করা যায় না।

এদিকে রাজশাহী সিটি করপোরেশনের মশা নিধনের অভিযান ঝিমিয়ে রয়েছে বলে অভিযোগ করেছেন নগরীর ভুক্তভোগী মানুষ। আর এতে ভোগান্তিতে পড়ছেন নগরবাসী।

রাজশাহী সিটি করপোরেশন সূত্র বলছে, মশা নিধনে আমাদের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ক্রাশ প্রোগ্রাম চলছে। নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলছে। যেসব স্থানে মশার লার্ভা তৈরি হয়, সেসব স্থানের ড্রেন, নর্দমা পরিষ্কার করা হচ্ছে।

সন্ধানী বার্তা/জেএন


সম্পর্কিত খবর