তরুণ ও মেধাবীদের দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে সম্পূর্ণ বিনা মূল্যে তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)। প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৭৫তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
যাঁরা আবেদন করতে পারবেন
আইএসডিবি-বিআইএসইডব্লিউ সূত্রে জানা গেছে, এই স্কলারশিপের আওতায় নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আন্তর্জাতিক মানের তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্যও রয়েছে একাধিক কোর্স।
আবেদনের শেষ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে আগের কোনো রাউন্ডের কোনো কোর্সে অংশ নেওয়া প্রার্থীরা নতুন করে আবেদন করতে পারবেন না। ডিপ্লোমাধারীদের জন্য সব কোর্সের প্রশিক্ষণ ঢাকায় অনুষ্ঠিত হবে।
১৩টি কোর্সে প্রশিক্ষণের সুযোগ
এবার স্নাতক ও সমমানের ডিগ্রিধারীদের জন্য ছয়টি এবং চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সাতটি কোর্সে স্কলারশিপ দেওয়া হচ্ছে।
স্নাতক ও সমমানের প্রার্থীরা ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস, ওরাকল ডেটাবেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, নেটওয়ার্ক সলিউশন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন এবং গ্রাফিকস, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন।
অন্যদিকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য রয়েছে আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, গ্রাফিকস ও মোশন গ্রাফিকস, ক্লাউড কম্পিউটিং এবং থ্রি-ডি ভিজুয়ালাইজেশনসহ সাতটি কোর্স।
প্রশিক্ষণ সম্পূর্ণ বিনা মূল্যে, রয়েছে চাকরির সুযোগ
প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রায় দুই লাখ টাকা সমমূল্যের এই প্রশিক্ষণ প্রোগ্রামে শিক্ষার্থীদের কোনো ফি দিতে হবে না। প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর উত্তীর্ণদের জন্য রয়েছে প্লেসমেন্ট সেলের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ।
আইএসডিবি-বিআইএসইডব্লিউর তথ্য অনুযায়ী, এই প্রোগ্রামের আওতায় কোর্স সম্পন্ন করা ৯২ শতাংশ শিক্ষার্থী দেশ-বিদেশে কর্মরত রয়েছেন। গত ১৯ বছর ধরে পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে এ পর্যন্ত ১৮ হাজার ৯৬৩ জন আইটি পেশাজীবী তৈরি হয়েছে। তাঁরা দেশে ও বিদেশে ৩ হাজার ২৫৪টির বেশি প্রতিষ্ঠানে কাজ করছেন।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের আইএসডিবি-বিআইএসইডব্লিউর নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৫ ডিসেম্বর ২০২৬। স্কলারশিপের যোগ্যতা, কোর্স ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানা যাবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে।
প্রতিষ্ঠান পরিচিতি
আইএসডিবি-বিআইএসইডব্লিউ বাংলাদেশ সরকার ও সৌদি আরবের জেদ্দাভিত্তিক ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। বাংলাদেশের তরুণদের কর্মসংস্থান বাড়াতে প্রতিষ্ঠানটি নিজস্ব অর্থায়নে তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষাসহ বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ ও প্রকল্প পরিচালনা করে থাকে।
সন্ধানী বার্তা/এসএ/টিসি