জাতীয়

প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস

দেশের ৫০৩টি উপজেলায় একযোগে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ৩টা ৪০ মিনিটে পায়রা ও বেলুন উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা
উদ্বোধনী অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ ছিল চীনের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা। চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরের ইউনান মিনজু ইউনিভার্সিটি থেকে আসা একদল শিক্ষার্থী ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশন করেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং চীনের ইউনান মিনজু ইউনিভার্সিটির মধ্যে ক্রীড়া প্রশিক্ষণ বিনিময় কার্যক্রম চালু রয়েছে। এ কার্যক্রমের আওতায় দুই দেশের শিক্ষার্থী ও প্রশিক্ষকেরা বিভিন্ন খেলায় প্রশিক্ষণ বিনিময় করছেন।

বিকেএসপিতে চলছে ক্রিকেট ও উশু প্রশিক্ষণ


প্রশিক্ষণ বিনিময় কার্যক্রমের আওতায় বিকেএসপির প্রশিক্ষকেরা ইউনান মিনজু ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ক্রিকেট প্রশিক্ষণ দিয়ে থাকেন। অন্যদিকে, চীনা বিশ্ববিদ্যালয়টির প্রশিক্ষকদের কাছ থেকে বিকেএসপির শিক্ষার্থীরা চীনের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট ‘উশু’র প্রশিক্ষণ নিচ্ছেন। এ ছাড়া চীনা প্রশিক্ষকদের তত্ত্বাবধানে বিকেএসপির ক্রীড়াবিদেরা টেবিল টেনিস, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, সাঁতার ও ডাইভিংয়ের প্রশিক্ষণ নিচ্ছেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রত্যাশা, বাংলাদেশ ও চীনের মধ্যে এ ধরনের পারস্পরিক সহযোগিতা দুই দেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে এবং খেলোয়াড়দের দক্ষতা বিকাশে ভূমিকা রাখবে।

সকালে মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে কর্মসূচি শেষে সড়কপথে খুলনায় আসেন তিনি। পরে খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

সন্ধানী বার্তা/এএইচ/এমএসআইপি


সম্পর্কিত খবর