ফুটবল মাঠে নজিরবিহীন সহিংসতার ঘটনা ঘটেছে ব্রাজিলে। দেশটির অনূর্ধ্ব-২০ রাজ্য চ্যাম্পিয়নশিপে উবেরলান্দিয়া ও মামোরের মধ্যকার ম্যাচে মোট ৫৩ জনকে লাল কার্ড দেখিয়েছেন রেফারি। এর মধ্য দিয়ে ভেঙে গেছে ২০১১ সালে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে এক ম্যাচে ৩৬টি লাল কার্ড দেখানোর দীর্ঘদিনের রেকর্ড।
ইয়াহু স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিনাস জেরাইস ফুটবল ফেডারেশনের প্রকাশিত রেফারির ম্যাচ রিপোর্টে ৫৩ জনকে বহিষ্কারের তথ্য উঠে এসেছে। মামোরে ৩-১ গোলে ম্যাচটি জেতার পর যোগ করা সময়ের নবম মিনিটে শুরু হয় সংঘর্ষ। গোল উদযাপনকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গোল উদযাপন ঘিরে সংঘর্ষের সূত্রপাত
ম্যাচের শেষ মুহূর্তে মামোরের এক খেলোয়াড় গোল উদযাপনের সময় প্রতিপক্ষ বেঞ্চের দিকে উসকানিমূলক অঙ্গভঙ্গি করেন। এতে ক্ষুব্ধ হয়ে উবেরলান্দিয়ার এক কোচিং স্টাফ মাঠে ঢুকে তাঁকে ধাক্কা দেন। এরপরই দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
মুহূর্তের মধ্যে মাঠজুড়ে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা। খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে কিল-ঘুষি ও লাথি বিনিময়ের ঘটনা ঘটে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে রেফারি ফার্নান্দো পাত্রিক মোদেস্তো মাঠে উপস্থিত সবাইকে তাৎক্ষণিকভাবে লাল কার্ড দেখাতে পারেননি। পরে ম্যাচের আনুষ্ঠানিক প্রতিবেদনে সংশ্লিষ্টদের বহিষ্কারের বিষয়টি উল্লেখ করা হয়।
বহিষ্কৃতদের মধ্যে ৪৩ জন খেলোয়াড়
মিনাস জেরাইস ফুটবল ফেডারেশনের ম্যাচ রিপোর্ট অনুযায়ী, মোট ৫৩ জনকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের মধ্যে উবেরলান্দিয়ার ২৪ জন এবং মামোরের ২৯ জন রয়েছেন। বহিষ্কৃতদের তালিকায় রয়েছেন ৪৩ জন খেলোয়াড়, আটজন কোচিং স্টাফ এবং দুই ক্লাব কর্মকর্তা। এক ম্যাচে এতসংখ্যক লাল কার্ড দেখানোর ঘটনা ফুটবল ইতিহাসে বিরল নজির তৈরি করেছে।
আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল ম্যাচের পরিবেশ
প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। ৫২ মিনিটে উবেরলান্দিয়ার এক খেলোয়াড় লাল কার্ড দেখার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ হয়ে ক্লাবটির তিন কর্মকর্তা মাঠে ঢুকে রেফারিকে প্রাণনাশের হুমকি দেন। এতে প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকে।
এরপর ম্যাচের শেষ দিকে বলবয় ও স্টাফদের মধ্যেও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ড্রেসিংরুমে ভাঙচুরের মতো ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। এ ঘটনায় মামলাও দায়ের করা হয়েছে।
ভেঙে গেল আর্জেন্টিনার ৩৬ লাল কার্ডের রেকর্ড
এর আগে এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ড দেখানোর রেকর্ড ছিল আর্জেন্টিনার দখলে। ২০১১ সালের ফেব্রুয়ারিতে দেশটির পঞ্চম বিভাগের ফুটবল ম্যাচে অ্যাতলেটিকো ক্লায়পোলে ও ভিক্তোরিয়ানো আরেনাসের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩৬ জনকে লাল কার্ড দেখানো হয়েছিল। দীর্ঘ ১৫ বছর ধরে সেই ঘটনাই ছিল এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ড দেখানোর নজির। এবার ব্রাজিলের অনূর্ধ্ব-২০ পর্যায়ের ম্যাচে ৫৩ জনকে বহিষ্কারের মধ্য দিয়ে সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। সূত্র: ইয়াহু স্পোর্টস
সন্ধানী বার্তা/এসএ/টিসি