বিনোদন

রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের উত্তর প্রদেশের ঝাঁসির একটি আদালত। ২০১০ সালের একটি মামলায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর এ আদেশ দেওয়া হয়েছে। একটি টেলিভিশন রিয়েলিটি শোতে এক যুবককে অপমান করার অভিযোগ এবং পরবর্তী সময়ে তাঁর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মামলাটি দায়ের করা হয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে রাখি সাওয়ান্তকে আদালতে হাজির হতে হবে।

যেভাবে মামলার সূত্রপাত
২০১০ সালে এই মামলার সূত্রপাত। ঝাঁসির প্রেম নগর এলাকার বাসিন্দা লক্ষ্মণ নামের এক ব্যক্তি পারিবারিক বিরোধের জেরে রাখি সাওয়ান্তের সঞ্চালনায় একটি জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন। অভিযোগ, ওই অনুষ্ঠানে সবার সামনে লক্ষ্মণকে নিয়ে আপত্তিকর ও অপমানজনক মন্তব্য করেন রাখি।

অভিযোগে আরও বলা হয়, অনুষ্ঠানটির পর ওই যুবক সামাজিকভাবে হেনস্তার শিকার হন এবং মানসিকভাবে ভেঙে পড়েন। একই বছরের নভেম্বরে তাঁর মৃত্যু হয়। তবে ওই মৃত্যুর সঙ্গে অনুষ্ঠানে করা মন্তব্যের সম্পর্ক নিয়ে অভিযোগের ভিত্তিতেই পরবর্তী সময়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়।

রাখিসহ চারজনের বিরুদ্ধে মামলা
লক্ষ্মণের মৃত্যুর পর তাঁর মা রাখি সাওয়ান্তসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। তাঁদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং ইচ্ছাকৃতভাবে অপমান করার অভিযোগ আনা হয়।

মামলাটি তদন্তের পর পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। এরপর দীর্ঘ সময় ধরে চলা আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতায় রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করতে হবে
ঝাঁসির জেলা সরকারি আইনজীবী মৃদুলকান্ত শ্রীবাস্তবের বরাতে সংবাদমাধ্যম জানিয়েছে, পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে রাখি সাওয়ান্তকে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করতে হবে।

জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির ফলে মামলাটি নতুন করে আলোচনায় এসেছে। তবে আদালতের পরবর্তী শুনানি, রাখির আদালতে হাজিরা এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ কী হয়, তা এখন দেখার বিষয়।

সন্ধানী বার্তা/জেএন/এসএ


সম্পর্কিত খবর