আইন

মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফসহ চারজনের রায় অপেক্ষমাণ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ হয়েছে। শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বুধবার (৭ অক্টোবর) ট্রাইব্যুনালে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। হানিফ ছাড়া মামলার অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। মামলার চার আসামিই পলাতক।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যাসহ আসামিদের বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। তদন্ত সংস্থার প্রতিবেদনে ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশ দেওয়া এবং হামলায় সরাসরি অংশগ্রহণের অভিযোগও রয়েছে।

শুনানি শেষে প্রসিকিউটর গাজী এমএইচ তামীম সাংবাদিকদের বলেন, প্রসিকিউশনের পক্ষ থেকে অতিরিক্ত কিছু প্রমাণ উপস্থাপন করা হয়েছে এবং যুক্তিতর্ক শেষ হয়েছে। তিনি চার আসামির সর্বোচ্চ শাস্তি চেয়েছেন।

প্রসিকিউশনের দাবি, জুলাইয়ের আন্দোলন দমনে আওয়ামী লীগ ও সরকারের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে মাহবুব উল আলম হানিফ ভূমিকা রেখেছেন। দলীয় পদ ও রাজনৈতিক অবস্থান ব্যবহার করে তিনি অধীনস্থদের মাধ্যমে নির্দেশ বাস্তবায়ন এবং টেলিফোনে যোগাযোগের মাধ্যমে সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করেছেন বলেও প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতে দাবি করা হয়।

প্রসিকিউটর আরও বলেন, একই রাজনৈতিক অবস্থানে থাকা আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে ইতোমধ্যে রায় হয়েছে। সেই ধারাবাহিকতায় হানিফের বিরুদ্ধেও অভিযোগগুলো প্রমাণিত হয়েছে বলে সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছে প্রসিকিউশন।

এখন ট্রাইব্যুনালের রায়ের অপেক্ষায় রয়েছে মামলাটি।

সন্ধানী বার্তা/ডিএইচ/এমএসআইপি 


সম্পর্কিত খবর