প্রথম সন্তান জন্মের এক বছর না পেরোতেই ফের মা হওয়ার সুখবর দিলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি দ্বিতীয়বারের মতো বাবা-মা হতে যাচ্ছেন।
বুধবার (৭ অক্টোবর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন কিয়ারা। পোস্টে অভিনেত্রী লেখেন, “আবারও সবচেয়ে বড় উপহারটি পেলাম। আমাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ।”
কিয়ারার এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যা বইছে। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি বলিউডের সহকর্মীরাও তারকা দম্পতিকে অভিনন্দন জানাচ্ছেন। শুভেচ্ছা জানিয়েছেন ভাবনা পান্ডে, মহিপ কাপুর, আথিয়া শেঠি, গৌহর খান ও সঞ্জয় কাপুরসহ অনেকে।
‘শেরশাহ’ থেকেই প্রেম
সিদ্ধার্থ ও কিয়ারার প্রেমের শুরু ‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকে। একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। এরপর দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমীরে রাজকীয় আয়োজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা।
বিয়ের পরও এই তারকা জুটিকে নিয়ে ভক্তদের আগ্রহ কমেনি। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কাজ—সবকিছুতেই আলোচনায় থাকেন সিদ্ধার্থ-কিয়ারা।
এক বছর আগেই এসেছিল প্রথম সন্তান
গত বছরের ফেব্রুয়ারিতে যৌথ বিবৃতির মাধ্যমে প্রথমবার বাবা-মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। এরপর একই বছরের ১৫ জুলাই কন্যাসন্তানের জন্ম দেন কিয়ারা।
প্রথম সন্তানের জন্মের প্রায় এক বছর পর এবার দ্বিতীয় সন্তান আসার সুখবর জানালেন এই তারকা দম্পতি। নতুন অতিথির অপেক্ষায় এরই মধ্যে উচ্ছ্বসিত কিয়ারা-সিদ্ধার্থের ভক্তরা।
সন্ধানী বার্তা/জেএন