খেলা

জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো

পর্তুগাল জাতীয় দলের কোচ জর্জে জেসুসের বিরুদ্ধে দুবার কথা না রাখার অভিযোগ তুলেছেন দলের অধিনায়ক ও তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। নরওয়ের বিপক্ষে ম্যাচে তাকে খেলানো নিয়ে কোচের সিদ্ধান্ত পরিবর্তন এবং পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনে ঘটনার ব্যাখ্যা নিয়ে মতবিরোধের জেরেই জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন তিনি।

ডেনমার্কের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচের আগে পর্তুগালের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনা নিয়ে দীর্ঘ বিবৃতিতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ৪১ বছর বয়সী রোনালদো।

যে প্রতিশ্রুতিতে ভাঙল সম্পর্ক

রোনালদোর দাবি, জেসুসের সঙ্গে আগে থেকেই তার একটি পরিকল্পনা হয়েছিল। শারীরিক সক্ষমতা ঠিক রাখতে নরওয়ে ও ডেনমার্ক—দুই ম্যাচেই তাকে না খেলানোর বিষয়ে সমঝোতা হয়েছিল।

কিন্তু নরওয়ের বিপক্ষে ম্যাচের দিন পরিস্থিতি বদলে যায়। রোনালদোর ভাষ্য অনুযায়ী, ম্যাচের সময় কোচ তাকে প্রায় ৩০ মিনিট খেলানোর সিদ্ধান্তের কথা জানান।

রোনালদো বলেন, ‘সবাই জানে এরপর কী হয়েছিল। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আমি ওয়ার্মআপ করেছি, মিনিটগুলো পার হতে দেখেছি, কিন্তু আমাকে মাঠে নামানো হয়নি। ম্যানেজার আমার সঙ্গে করা কথা রাখেননি।’

বৈঠকে ছিল আল নাসরের কর্মকর্তাও

ঘটনার পর জেসুসের সঙ্গে আরও একটি বৈঠক হয় বলে জানিয়েছেন রোনালদো। সেই বৈঠকে তার ক্লাব আল নাসরের স্পোর্টিং ডিরেক্টর সিমাও কুতিনহোও উপস্থিত ছিলেন বলে জানান পর্তুগিজ তারকা।

রোনালদোর দাবি, ওই বৈঠকে পরবর্তী সংবাদ সম্মেলনে পুরো ঘটনাটি কীভাবে ব্যাখ্যা করা হবে, সে বিষয়েও একটি সমঝোতা হয়েছিল। এমনকি এ নিয়ে আট দফার একটি নথিও তৈরি করা হয়।

সেখানে উল্লেখ ছিল, রোনালদো কখনো মাঠে নামার দাবি জানাননি, কোচের সিদ্ধান্তকে তিনি সম্মান করেছেন এবং তাকে ওয়ার্মআপ করিয়ে শেষ পর্যন্ত মাঠে না নামানোর বিষয়টি কোচের ভুল ছিল।

‘দ্বিতীয়বার কথা রাখেননি’

তবে রোনালদোর অভিযোগ, সংবাদ সম্মেলনে জেসুস যে বক্তব্য দেন, তা ব্যক্তিগত বৈঠকে হওয়া আলোচনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। আর এটিকেই তিনি কোচের দ্বিতীয় প্রতিশ্রুতি ভঙ্গ হিসেবে দেখছেন।

রোনালদোর ভাষায়, ‘এটি দ্বিতীয়বার, যখন তিনি আমার সঙ্গে করা কথা রাখেননি। আর কোনো প্রতিশ্রুতি ভঙ্গের অপেক্ষা না করে আমি জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিই।’

ঘটনার পর রোনালদোর জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফুটবল অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। কোচের সঙ্গে তার সম্পর্কের এই টানাপোড়েন পর্তুগাল দলের সামনের ম্যাচ ও ড্রেসিংরুমের পরিবেশে কী প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়।

সন্ধানী বার্তা/জেএন


সম্পর্কিত খবর