বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারিভাবে ব্রুনাইয়ে ১৪৮ জন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ব্রুনাইয়ের প্রতিষ্ঠান Unity Land Sdn Bhd এসব কর্মী নিয়োগ দেবে। এসব পদে আবেদনের জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়নি। তবে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন করা যাবে আগামী ৫ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত।
যেসব পদে নিয়োগ
নিয়োগের আওতায় কাঠমিস্ত্রি পদে ২০ জন, নির্মাণশ্রমিক পদে ৭০ জন, রাজমিস্ত্রি পদে ২০ জন, ইলেকট্রিশিয়ান পদে ৫ জন, ট্রাক ড্রাইভার পদে ২ জন, ভারী যানবাহন চালক পদে ২ জন, অপারেটর পদে ৪ জন, প্লাম্বার পদে ১০ জন এবং ওয়েল্ডার পদে ১৫ জন নেওয়া হবে। সব মিলিয়ে মোট ১৪৮ জন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে।
বেতন ও অন্যান্য সুবিধা
কাঠমিস্ত্রি, নির্মাণশ্রমিক ও রাজমিস্ত্রি পদে দৈনিক মজুরি ২০ ব্রুনেই ডলার, যা দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৪৫৯ টাকা। অন্যদিকে ইলেকট্রিশিয়ান, ট্রাক ড্রাইভার, ভারী যানবাহন চালক, অপারেটর, প্লাম্বার ও ওয়েল্ডার পদে দৈনিক মজুরি ২২ ব্রুনেই ডলার, যা প্রায় ২ হাজার ৭০৫ টাকা।
নিয়োগপ্রাপ্ত কর্মীদের থাকার খরচ কোম্পানি বহন করবে। এছাড়া বিমান ভাড়াও নিয়োগকর্তা বহন করবে। প্রার্থীদের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতাও থাকতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য ১০০ টাকা ফি দিতে হবে। আবেদন করা যাবে brms.boesl.gov.bd ওয়েবসাইটে। আবেদনের শেষ সময় ৫ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা।
সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ
নিয়োগকর্তা কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ, রেজিস্ট্রেশন ফি ও আনুষঙ্গিক ব্যয় জমা দিতে হবে। দক্ষ কর্মীদের জন্য এসব খাতে ৫৬ হাজার ৩৫০ টাকা এবং আধা-দক্ষ বা অদক্ষ কর্মীদের জন্য ৪৪ হাজার ৮৫০ টাকা জমা দিতে হবে।
এ ছাড়া দূতাবাস নির্ধারিত ভিসা ফি এবং বাংলাদেশে মেডিক্যাল টেস্টের খরচ কর্মীকেই বহন করতে হবে।
চাকরির মেয়াদ ও কর্মঘণ্টা
নিয়োগপ্রাপ্ত কর্মীদের শ্রম চুক্তির মেয়াদ হবে দুই বছর। চুক্তি নবায়নের সুযোগ থাকবে। প্রতিদিন আট ঘণ্টা করে কাজ করতে হবে।
প্রতারণা থেকে সতর্ক থাকার নির্দেশ
বোয়েসেল জানিয়েছে, নির্ধারিত সার্ভিস চার্জের বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ দাবি করলে তা প্রতারণা হিসেবে বিবেচনা করতে হবে। এ ক্ষেত্রে প্রার্থীদের নগদ লেনদেন থেকে বিরত থাকতে বলা হয়েছে। বোয়েসেল কোনো নগদ অর্থ গ্রহণ করে না। তাই চাকরির জন্য কাউকে ব্যক্তিগতভাবে কোনো অর্থ না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করে নিয়োগসংক্রান্ত সব শর্ত ও নির্দেশনা ভালোভাবে যাচাই করার পর আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
সন্ধানী বার্তা/এসএ