দেশজুড়ে

খেলাধুলার মাধ্যমে সুন্দর দেশ গঠন সম্ভব: ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাধুলার প্রসার ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে তরুণ সমাজকে সুসংগঠিত করে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

শনিবার (৩ অক্টোবর) দিনাজপুর সরকারি কলেজে আয়োজিত জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার রংপুর বিভাগীয় পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সরকারের নেওয়া ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খেলাধুলার উন্নয়ন, খাল খনন ও বৃক্ষরোপণের মতো বিভিন্ন কর্মসূচি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। গত সাত মাসে এসব উদ্যোগ বাস্তবায়ন শুরু হয়েছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী ক্রীড়া খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ক্রীড়াবিদদের পেশাগত স্বীকৃতির বিষয়ে আমিনুল হক বলেন, ইতোমধ্যে ৩০০ খেলোয়াড়কে ক্রীড়া ভাতা দেওয়া হয়েছে। চলতি মাসের শেষ নাগাদ আরও খেলোয়াড় ও কোচকে এই কর্মসূচির আওতায় আনার উদ্যোগ রয়েছে।

তিনি জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির প্রথম ধাপ সফলভাবে শেষ হয়েছে। নির্বাচিত ৩০৬ জন উদীয়মান ও প্রতিভাবান অ্যাথলেট বর্তমানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)তে উন্নত প্রশিক্ষণ নিচ্ছেন।

সারাদেশে আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তুলতে ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা এবং প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণে কাজ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার ও নতুন প্রতিভা খুঁজে বের করতে দিনাজপুর বিকেএসপিকে পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান প্রসঙ্গে আমিনুল হক বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে বর্তমানে ৮৩টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তরুণদের দক্ষ করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। গত ছয় মাসে ফ্রিল্যান্সিং খাত থেকে ৩৪ কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সরকারের ‘আর্ন’ (EARN) প্রকল্পের মাধ্যমে দেশের ৯ লাখ যুবক ও যুব নারীকে প্রশিক্ষণ দেওয়া হবে। দিনাজপুরের ১০টি উপজেলায়ও এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দল-মত নির্বিশেষে একসঙ্গে কাজ করার পাশাপাশি খেলাধুলার সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।

সন্ধানী বার্তা/ডিএইচ/এমএসআইপি 


সম্পর্কিত খবর