রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান মহিনকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
গত ২৮ সেপ্টেম্বর বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি সৈয়দ হাসান যুবাইরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
তবে বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, মহিনের জামিনাদেশ স্থগিত চেয়ে লিভ টু আপিল আবেদন করা হবে।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৯ জুলাই রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে লাল চাঁদ ওরফে সোহাগকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। নিহত সোহাগের বয়স ছিল ৩৯ বছর।
ঘটনার পরদিন তার বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে আরও ১৫ থেকে ২০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।
পরে এ মামলায় গত ১২ জুলাই ২১ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ।
এদিকে, মামলার প্রধান আসামি মহিনের জামিনের আদেশের পর রাষ্ট্রপক্ষ তা স্থগিতের উদ্যোগ নিয়েছে।
সন্ধানী বার্তা/ডিএইচ/এমএসআইপি