পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ ব্যাংকের প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকার বিভিন্ন ধরনের বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো—ওয়ান ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ব্যাংক এশিয়া।
এর মধ্যে ওয়ান ব্যাংকের ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন দেওয়া হয়েছে। বন্ডটির কুপন রেট হবে ‘রেফারেন্স রেট + ৩ শতাংশ’। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে এবং এর মাধ্যমে ব্যাংকের বাসেল-৩-এর আওতায় টিয়ার-২ মূলধন শক্তিশালী করা হবে।
সাউথইস্ট ব্যাংকের ৮০০ কোটি টাকার সাত বছর মেয়াদি সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন পেয়েছে। একইভাবে এর কুপন রেট ‘রেফারেন্স রেট + ৩ শতাংশ’ এবং সংগৃহীত অর্থ ব্যাংকের টিয়ার-২ মূলধন বাড়াতে ব্যবহার করা হবে।
ব্র্যাক ব্যাংক ১ হাজার কোটি টাকার তিন বছর মেয়াদি জিরো-কুপন গ্রিন বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে। এর মাধ্যমে পরিবেশবান্ধব প্রকল্পে কম খরচে অর্থায়নের সুযোগ তৈরি হবে।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার সাত বছর মেয়াদি সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন দেওয়া হয়েছে। এ বন্ডের অর্থও ব্যাংকের টিয়ার-২ মূলধন শক্তিশালী করতে ব্যবহার করা হবে।
অন্যদিকে ব্যাংক এশিয়ার ৮০০ কোটি টাকার সাত বছর মেয়াদি টেকসই সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন পেয়েছে। সংগৃহীত অর্থ টিয়ার-২ মূলধন শক্তিশালী করার পাশাপাশি সবুজ ও টেকসই প্রকল্পে অর্থায়ন ও পুনঃঅর্থায়নে ব্যবহার করা হবে।
বিএসইসি জানিয়েছে, অনুমোদিত বন্ডগুলো সংশ্লিষ্ট শর্ত অনুযায়ী স্টক এক্সচেঞ্জের মেইন বোর্ডে তালিকাভুক্ত করতে হবে।
এদিকে বিনিয়োগকারীদের স্বার্থ ও সার্বিক বিষয় বিবেচনায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির প্রস্তাবিত নয় সদস্যের পরিচালনা পর্ষদ গঠনে অনাপত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। হাইকোর্টের মৌখিক নির্দেশনার বিষয়টি অবহিত হওয়ার পর কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রস্তাবিত পর্ষদে তিনজন উদ্যোক্তা পরিচালক, একজন নতুন ব্যবস্থাপনা পরিচালক, একটি স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান থেকে একজন পরিচালক এবং করপোরেট গভর্ন্যান্স কোড-২০১৮ অনুযায়ী চারজন স্বতন্ত্র পরিচালক রাখার প্রস্তাব করা হয়েছে। স্বতন্ত্র পরিচালকদের মধ্যে একজন নারী থাকবেন।
এ ছাড়া কোম্পানিটি মামলা প্রত্যাহার করলে বিএসইসি আগে জারি করা ৩১ ডিসেম্বর ২০২৪ ও ১৫ জানুয়ারি ২০২৬ তারিখের সংশ্লিষ্ট দুটি আদেশ প্রত্যাহার করবে বলেও কমিশন সভায় সিদ্ধান্ত হয়েছে।
সন্ধানী বার্তা/ডিএইচ/এমএসআইপি