ঢাকার মিরপুরে হামলা, লুটপাট ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় মিরপুর-১-এর রাড্ডা এলাকায় অবস্থিত স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে যাওয়ার কথা রয়েছে তাঁর। জামায়াতে ইসলামী জানিয়েছে, পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত স্থাপনা ঘুরে দেখবেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন।
গত ২৫ সেপ্টেম্বর রাত থেকে ভোরের মধ্যে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ ও বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি স্বাস্থ্যকেন্দ্রটিতে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের জিম্মি করেন। পরে চিকিৎসাসামগ্রী, ওষুধ, টিকা, নগদ অর্থসহ বিভিন্ন মালামাল লুটের পর ভারী যন্ত্রপাতি দিয়ে স্থাপনার অংশবিশেষ ভেঙে ফেলা হয়।
ঘটনায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা করেন। মামলায় ২০০ থেকে ২৫০ জন অজ্ঞাত ব্যক্তির পাশাপাশি একজনের নাম উল্লেখ করা হয়েছে। হামলার ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকার বেশি বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ঘটনায় প্রথমে চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয় এবং লুট হওয়া মালামালের দুই ট্রাক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার সময় পুলিশের ভূমিকা নিয়েও তদন্ত শুরু হয়েছে। ডিএমপি কমিশনারের নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে দায়িত্বে থাকা পুলিশের গাফিলতির প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এর আগে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এবার ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি সরেজমিনে দেখতে যাচ্ছেন তিনি।
সন্ধানী বার্তা/এএএন/এমএসআইপি