সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের অপপ্রয়োগের শিকার হোক—সরকার তা চায় না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, গণমাধ্যমকে লক্ষ্য করে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬ প্রণয়নের কোনো উদ্দেশ্য সরকারের নেই। একই সঙ্গে কোনো সাংবাদিক যাতে এই আইনের অপপ্রয়োগের শিকার না হন, সেটিও নিশ্চিত করতে চায় সরকার।
রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬-এর খসড়া পর্যালোচনায় গণমাধ্যমের অংশীজনদের নিয়ে আয়োজিত পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মিডিয়াকে টার্গেট করে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬ করতে চাই না। কোনো সাংবাদিক এটার শিকার হোক, এ আইনের অপপ্রয়োগ হোক—সেটা আমরা চাই না।’
সভায় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
সন্ধানী বার্তা/ডিএইচ/এমএসআইপি