আইন

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন মেলেনি

রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অস্থিতিশীল ও বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ সৃষ্টির অভিযোগে আটক ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম আসামিদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন।

একইদিন আসামিপক্ষের আইনজীবীরা তাদের জামিনের আবেদন করেন। তবে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম জামিন শুনানির জন্য সোমবার দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সোমবার নির্ধারিত দিনে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর করেন।

আদালতের আদেশে জামিন না পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. দিদারুল আলম তুহিন, ইমান আহমেদ ইমন, মোল্লা মো. শাহজাহান সিরাজ, জয় সরকার, মো. মিরাজ আহমেদ, মো. রবিউল ইসলাম, মিলন কুমার মহন্ত, মো. কাউসার হোসেন, অঞ্জন শিল, জালাল উদ্দীন মন্ডল, আব্দুল লতিফ, শামীম আহমেদ, আহাম্মেদ আহসান হাবিব, মো. সুজন আলী, মো. তসিকুল ইসলাম, মো. সাইফুল্লাহ সায়েকসহ মোট ২৭ জন।

মামলার পরবর্তী আইনগত কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী চলবে।

সন্ধানী বার্তা/ডিএইচ/এমএসআইপি 


সম্পর্কিত খবর