আসন্ন ঈদুল ফিতরের দিন দেশে কালবৈশাখী ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আগামী ২০ বা ২১ মার্চ উদযাপিত হতে পারে। তবে আনন্দঘন এই দিনে আবহাওয়ায় বিরূপ পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, ঈদের আগে ও পরে আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকলেও ২০ ও ২১ মার্চ বৃষ্টিপাত তুলনামূলক বেশি হতে পারে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে ঈদের দিন কালবৈশাখী ঝড় তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে বুধবার (১৮ মার্চ) সকাল ৯টার মধ্যে সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সন্ধানী বার্তা/জেএন