জাতীয়

মিরপুরে পলিথিনের ব্যাগে মিললো জীবিত নবজাতক

রাজধানীর মিরপুরের শাহআলী এলাকায় রাস্তার পাশে কালো পলিথিনের ব্যাগের ভেতর থেকে চার-পাঁচ দিন বয়সী এক কন্যাশিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এক বার্তায় বিষয়টি গণমাধ্যমকে জানান।

তিনি জানান, বুধবার শাহআলী থানাধীন ব্লক-ডি, ৮ নম্বর রোডের পাশের একটি খালি জায়গায় কালো পলিথিনের ব্যাগের ভেতর নবজাতক শিশুটিকে দেখতে পান এক ব্যক্তি।

এ সময় শিশুটি কান্নাকাটি করছিল। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধারের জন্য শাহআলী থানায় খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে শাহআলী থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চার-পাঁচ দিন বয়সী কন্যাশিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে।

পরে শিশুটিকে প্রথমে শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে শিশুটিকে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জাতীয় জরুরি সেবা ৯৯৯-কে জানান, শিশুটিকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সন্ধানী বার্তা/আরডি/এমডিএইচ


সম্পর্কিত খবর