বিনোদন

বুলিং নিয়ে কড়া বার্তা দিলেন স্পর্শিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত ট্রল ও সাইবার বুলিংয়ের শিকার হওয়া নিয়ে এবার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তবে এই নেতিবাচকতা তাকে দমাতে পারছে না, বরং ট্রলকারীদের সরাসরি এক প্রকার হুঁশিয়ারি দিয়েছেন তিনি

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি বিস্ফোরক স্ট্যাটাস শেয়ার করেছেন স্পর্শিয়া। সেখানে তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন, “একদিন তো মুখ খুলবই, সেদিন এটাও বলবো এতদিন মুখ বন্ধ কেন ছিল। ততদিন পর্যন্ত, আমাকে যতটা পারো বুলিং করতে থাকো। আমি শুধু আগের মতোই আরও শক্তিশালী হয়ে ফিরে আসবো।”

তার এই রহস্যময় ও কড়া পোস্ট বিনোদন পাড়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। হঠাৎ করে তিনি কেন এমন কড়া বার্তা দিলেন, তা নিয়ে নেটিজেনদের মধ্যে নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে। তবে সুনির্দিষ্ট কোনো ঘটনার কথা প্রকাশ না করলেও, স্পর্শিয়ার এই সাহসী অবস্থানকে স্বাগত জানিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা স্পর্শিয়া টেলিভিশন নাটকের পাশাপাশি ‘কাঠবিড়ালী’, ‘আবার বসন্ত’ এবং ‘নবাব এলএলবি’র মতো প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। ক্যারিয়ারের শুরু থেকেই নিজের স্পষ্টবাদী স্বভাবের জন্য পরিচিত এই অভিনেত্রী এবারও ট্রলকারীদের বুঝিয়ে দিলেন—নেতিবাচকতা তাকে দুর্বল নয়, বরং আরও শক্তিশালী করে তুলবে।

সন্ধানী বার্তা/এসএ


সম্পর্কিত খবর