যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের জন্য এইচ-১বি ভিসার নির্দিষ্ট আবেদনে ১ লাখ ডলারের অর্থ প্রদানের শর্ত আরও এক বছর বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার, ১৮ সেপ্টেম্বর নতুন ঘোষণা দিয়ে এ বিধিনিষেধ ২০২৭ সালের ২১ সেপ্টেম্বর পর্যন্ত বহাল রাখার কথা জানানো হয়েছে।
২০২৫ সালের সেপ্টেম্বরে প্রথম চালু হওয়া এই নীতির আওতায় যুক্তরাষ্ট্রের বাইরে থাকা কোনো বিদেশি কর্মীর জন্য নির্দিষ্ট এইচ-১বি আবেদন করা হলে নিয়োগদাতাকে ১ লাখ ডলার দিতে হয়। তবে জাতীয় স্বার্থে প্রয়োজন মনে করলে নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা খাতকে এ শর্ত থেকে ছাড় দেওয়ার ক্ষমতা মার্কিন প্রশাসনের রয়েছে।
এইচ-১বি ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো প্রযুক্তি, প্রকৌশলসহ বিশেষায়িত পেশায় বিদেশি কর্মী নিয়োগ করতে পারে। ভারত ও চীনসহ বিভিন্ন দেশের দক্ষ কর্মীদের জন্য এই কর্মসূচি গুরুত্বপূর্ণ।
ট্রাম্প প্রশাসনের দাবি, কিছু নিয়োগদাতা তুলনামূলক কম বেতনে বিদেশি কর্মী নিয়োগের মাধ্যমে মার্কিন কর্মীদের ওপর চাপ তৈরি করছে। প্রশাসনের ভাষ্য, বড় অঙ্কের অর্থ প্রদানের শর্ত কম বেতন ও কম দক্ষতার কর্মী নিয়োগ নিরুৎসাহিত করবে এবং উচ্চ দক্ষতার কর্মীদের নিয়োগকে উৎসাহিত করবে।
তবে এই নীতি নিয়ে যুক্তরাষ্ট্রে আইনি বিরোধ চলছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বোস্টনের একটি ফেডারেল আদালত ১ লাখ ডলারের ফি আরোপকে বেআইনি বলেছিল। ট্রাম্প প্রশাসন ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে। ইউএস চেম্বার অব কমার্সও পৃথকভাবে এই ফি চ্যালেঞ্জ করেছে। বিষয়গুলো এখন আদালতে বিচারাধীন।
কার ক্ষেত্রে প্রযোজ্য নয়
নতুন ঘোষণায় যুক্তরাষ্ট্রের বাইরে থাকা নির্দিষ্ট এইচ-১বি আবেদনকারীদের ক্ষেত্রে এই অর্থ প্রদানের শর্ত বহাল থাকলেও যুক্তরাষ্ট্রে অবস্থানরত শিক্ষার্থী যারা পরবর্তীতে এইচ-১বি মর্যাদায় যাচ্ছেন এবং বিদ্যমান এইচ-১বি ভিসা নবায়নের ক্ষেত্রে এ বিধিনিষেধ প্রযোজ্য নয়।
হোয়াইট হাউসের ঘোষণায় আরও বলা হয়েছে, ২০২৫ সালের নীতি কার্যকর হওয়ার পর থেকে ৭০০টির বেশি এইচ-১বি আবেদনের সঙ্গে ১ লাখ ডলারের অর্থ প্রদান করা হয়েছে।
আবেদন যাচাই হবে আরও কঠোরভাবে
একই দিনে ট্রাম্প প্রশাসন এইচ-১বি আবেদন যাচাইয়ের ক্ষেত্রেও নতুন নির্দেশনা দিয়েছে। কোনো নিয়োগদাতা সম্প্রতি একই ধরনের মার্কিন কর্মী ছাঁটাই করেছে কি না বা ছাঁটাইয়ের পরিকল্পনা করছে কি না, আবেদন পর্যালোচনার সময় তা বিবেচনায় নেওয়া হবে। এ ছাড়া মজুরি, শিল্পখাতের পরিস্থিতি ও চাকরির ধরনসংক্রান্ত তথ্যও আন্তঃসংস্থা সমন্বয়ের মাধ্যমে বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে।
ফলে নতুন সিদ্ধান্তে শুধু এইচ-১বি ভিসার নির্দিষ্ট আবেদনে বড় অঙ্কের অর্থ প্রদানের শর্তই বহাল থাকছে না, একই সঙ্গে বিদেশি কর্মী নিয়োগে মার্কিন প্রতিষ্ঠানগুলোর সাম্প্রতিক কর্মী ছাঁটাইয়ের তথ্যও আরও গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হবে।
সন্ধানী বার্তা/এসএ