আন্তর্জাতিক

সৌদি আরবে হুথি হামলার নিন্দা নিরাপত্তা পরিষদের

সৌদি আরবের বিভিন্ন বেসামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামোয় ইয়েমেনের হুথি গোষ্ঠীর সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদ সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলারও নিন্দা জানায়। জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়েছে।

নিরাপত্তা পরিষদ হুথিদের বেসামরিক নাগরিক ও স্থাপনায় হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ইয়েমেনে বেসামরিক হতাহত ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক কার্যালয় (ওসিএইচএ)-এর তথ্যের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, সেপ্টেম্বরের শুরু থেকে ইয়েমেনে অন্তত ১ লাখ ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। নিরাপত্তা পরিষদ সতর্ক করেছে, সংঘাত আরও বাড়লে দেশটির ইতিমধ্যে ভয়াবহ মানবিক পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

মানবিক সহায়তা পৌঁছাতে পূর্ণ, নিরাপদ, দ্রুত ও অবাধ সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদ। একই সঙ্গে জাতিসংঘের ৭৩ কর্মীসহ বিভিন্ন এনজিও, সুশীল সমাজ ও কূটনৈতিক মিশনের আটক কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

সন্ধানী বার্তা/এসএ


সম্পর্কিত খবর