শিক্ষা

বিচার বিভাগের মতো শিক্ষকদেরও আলাদা পে-স্কেল: শিক্ষামন্ত্রী

বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে-স্কেল করার চিন্তা-ভাবনা করছে সরকার বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপনের লক্ষ্যে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষকদের মেধাবীদের আকৃষ্ট করতে আলাদা বেতন কাঠামোর বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ১১ বছর পর নতুন পে-স্কেল হতে যাচ্ছে। এর মধ্যে মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয় হয়নি। এ বিষয়টি প্রধানমন্ত্রীরও উপলব্ধিতে রয়েছে।

তিনি বলেন, বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে-স্কেল করার বিষয়ে সরকার চিন্তা করছে। তবে অল্প সময়ের মধ্যে এত বড় সিদ্ধান্ত নেওয়া কঠিন। তারপরও সরকার এ বিষয়ে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা ও পেনশন নিয়ে ভোগান্তির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের এই সমস্যা সমাধানে সরকার কাজ করছে। অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ব্যবস্থায় ইতোমধ্যে পরিবর্তন আনা হয়েছে। শিক্ষকদের বকেয়া পরিশোধসহ সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং আগামী বাজেটগুলোর মাধ্যমে এ সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ও জাতীয় বেতন কাঠামোর সদস্য জানান, জাতীয় বেতন স্কেলে শিক্ষকরা অন্তর্ভুক্ত হবেন। সরকারি কর্মচারীরা নতুন পে-স্কেলে যে সুবিধা পাবেন, শিক্ষকরাও তা পাবেন বলে তিনি জানান।

সন্ধানী বার্তা/এএইচ/এমএসআইপি


সম্পর্কিত খবর