অর্থনীতি

গ্যাস সংকটের স্থায়ী সমাধানে নিজস্ব উৎসে জোর: প্রেস সচিব

গ্যাস সংকটের স্থায়ী সমাধানে আমদানির ওপর নির্ভরতা কমিয়ে দেশের নিজস্ব উৎস থেকে গ্যাস সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ।
রোববার রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত ‘ইআরএফ ল্যাঙ্গুয়েজ ক্লাব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব বলেন, গ্যাস সংকটের স্থায়ী সমাধান করতে চায় সরকার। এজন্য শুধু আমদানির ওপর নির্ভর না করে দেশের নিজস্ব উৎস থেকেও গ্যাস সংগ্রহের পরিকল্পনা নেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে এ ধরনের সংকট তৈরি না হয়।
তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎ ও তেলের সংকট পরস্পরের সঙ্গে সম্পর্কিত। বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস প্রয়োজন, আবার আন্তর্জাতিক পরিস্থিতির কারণেও জ্বালানি সরবরাহে নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে।
সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মধ্যে আগের সময়ের সব দায় বর্তমান সরকারের ওপর চাপানো ঠিক নয় উল্লেখ করে আবু আব্দুল্লাহ এম ছালেহ বলেন, কোনো সমস্যার স্থায়ী সমাধানের জন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
অনুষ্ঠানে তরুণদের একাধিক ভাষা শেখার ওপরও গুরুত্ব দেন প্রেস সচিব। তিনি বলেন, তরুণরা তিন থেকে চারটি ভাষা শিখলে বাংলাদেশে অবস্থান করেও বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হবে।
তথ্যপ্রযুক্তির কল্যাণে বিশ্ব এখন আরও কাছাকাছি চলে এসেছে উল্লেখ করে তিনি তরুণদের একাধিক ভাষা শেখার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। এ ধরনের উদ্যোগ এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতার প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

সন্ধানী বার্তা/এএএন/এমএসআইপি 


সম্পর্কিত খবর