জাতীয়

মন্ত্রী-প্রতিমন্ত্রী পদে শপথের ডাক পেলেন ৬ জন

সরকার গঠনের ছয় মাসের মাথায় আকার বাড়ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার। নতুন করে মন্ত্রী-প্রতিমন্ত্রীর তালিকায় যুক্ত হচ্ছেন পাঁচজন সংসদ সদস্য এবং একজন উপদেষ্টা। নতুন করে দায়িত্ব পেতে যাওয়া পাঁচজনকে ইতোমধ্যে শপথের জন্য বঙ্গভবনে ডাকা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টার আগে তারা বঙ্গভবনে পৌঁছেছেন।

তাদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতকে পদোন্নতি দিয়ে পূর্ণ মন্ত্রী করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন করে মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়োগের মধ্য দিয়ে সরকারের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পুনর্বিন্যাস হচ্ছে। এর ফলে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্বের পরিধিও বাড়তে পারে।

নতুন করে দায়িত্ব পেতে যাওয়া ব্যক্তিদের শপথ গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। তাদের বঙ্গভবনে ডাকা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি তাদের শপথ পাঠ করাবেন।

তবে কে কোন মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশের আগে বিস্তারিত জানা যাচ্ছে না। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে।

নতুন তালিকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের অন্তর্ভুক্তি বিশেষ গুরুত্ব বহন করছে। দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতার পাশাপাশি জাতীয় রাজনীতিতে তার দীর্ঘদিনের ভূমিকা রয়েছে।

অন্যদিকে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে মন্ত্রিসভায় নেওয়ার মধ্য দিয়ে বিএনপির বাইরে থাকা মিত্র রাজনৈতিক শক্তিরও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত হওয়ার বিষয়টি সামনে এসেছে।

বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনও নতুন করে সরকারের দায়িত্বে আসছেন।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও এবার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্বে আসছেন। আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির হয়ে দীর্ঘদিন কাজ করা এই নেতা দলের চেয়ারপারসন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক সহযোগী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

লন্ডনে অবস্থানকালে বিএনপির আন্তর্জাতিক কর্মকৌশল নির্ধারণ ও বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগে তার ভূমিকা ছিল। সম্প্রতি তাকে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা করা হয়েছিল। এবার মন্ত্রিসভায় তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

অন্যদিকে জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী থেকে পদোন্নতি পেয়ে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। বর্তমানে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত এর আগে ২০০১ সালের জাতীয় সংসদেও এমপি নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও দলের কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালনের পাশাপাশি এবার মন্ত্রিসভায় তার দায়িত্ব আরও বাড়ানো হচ্ছে।

সন্ধানী বার্তা/আরডি/এমডিএইচ


সম্পর্কিত খবর