সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর সংক্রান্ত জটিলতা ও অস্পষ্টতা দূর করতে বিশেষ স্পষ্টীকরণ পরিপত্র জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন নির্দেশনায় উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বাণিজ্যিক আমদানিকারকদের জন্য পৃথক শুল্ক ও কর কাঠামো নির্ধারণ করা হয়েছে।
এনবিআরের পরিপত্র অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সরঞ্জাম আমদানিতে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো মাত্র ১ শতাংশ কাস্টমস ডিউটি দিয়ে পণ্য খালাস করতে পারবে।
অন্যদিকে, বাণিজ্যিক আমদানিকারকদের ১ শতাংশ কাস্টমস ডিউটির পাশাপাশি ৭ দশমিক ৫ শতাংশ আগাম কর (এটি) এবং ৫ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) দিতে হবে। তবে পরবর্তীতে এ আগাম কর ও অগ্রিম আয়কর সমন্বয় করা যাবে।
সোমবার (১৭ আগস্ট) কাস্টমস আইন, ২০২৩-এর ২৬৬ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ পরিপত্র জারি করে এনবিআর। এতে বলা হয়, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সৌরবিদ্যুৎ উৎপাদনের সরঞ্জাম আমদানিতে শুল্ক সুবিধা দেওয়া হলেও মাঠপর্যায়ে বিভিন্ন কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে পণ্য খালাসের ক্ষেত্রে জটিলতা ও দীর্ঘসূত্রিতা দেখা দিচ্ছিল। এসব সমস্যা দূর করতেই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
এনবিআর জানিয়েছে, সোলার ইনভার্টারের ক্ষেত্রে এইচএস কোডে ভুল থাকলেও পণ্যের বর্ণনাকে প্রাধান্য দেওয়া হবে। ফলে এ পণ্যের জন্য আগে ঘোষিত রেয়াতি সুবিধা বহাল থাকবে।
এ ছাড়া ‘Solar Photovoltaic/Module/Panel’ (এইচএস কোড 8541.43.00) মূলধনী যন্ত্রপাতি ও নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত রয়েছে। একই বিল অব এন্ট্রিতে একাধিক পণ্য ঘোষণা করা হলে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে পৃথক সিপিসি উল্লেখ করে পণ্য খালাসের সুযোগও রাখা হয়েছে।
নতুন পরিপত্রের নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্ট কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনগুলোকে নির্দেশ দিয়েছে এনবিআর।
সন্ধানী বার্তা/এএইচ/এমএসআইপি