
লক্ষ্য ছিল মাত্র ১০৬ রান। সেই রান তাড়া করতে নেমে মাত্র ৪৫ বলে জয় তুলে নিয়েছে বাংলাদেশ এইচপি। মিরপুরে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দলকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মালয়েশিয়াকে ধবলধোলাই করেছে বাংলাদেশ এইচপি।
মালয়েশিয়ার দেওয়া ১০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন বাংলাদেশের দুই ওপেনার জাওয়াদ আবরার ও জিশান আলম। জাওয়াদ ৮ বলে ২৩ রান করে ফিরলেও অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন জিশান।
মাত্র ২১ বলে ৫৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই ওপেনার। তার ইনিংসে ছিল একাধিক বাউন্ডারি ও ছক্কার মার। শেষ পর্যন্ত ছক্কা হাঁকিয়েই দলের জয় নিশ্চিত করেন জিশান।
এর আগে বল হাতে মালয়েশিয়ার ব্যাটিংকে চাপে রাখেন বাংলাদেশের বোলাররা। প্রথম ম্যাচের মতো প্রতিপক্ষকে অলআউট করতে না পারলেও রান করার সুযোগ দেননি তারা। নির্ধারিত ওভারে ১০৫ রানের বেশি করতে পারেনি মালয়েশিয়া।
বাংলাদেশের হয়ে বাঁহাতি পেসার আবু হায়দার রনি ২ উইকেট শিকার করেন। বাকি দুটি উইকেট ভাগাভাগি করে নেন রুবেল হোসেন ও রাকিবুল হাসান।
এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়েছিল বাংলাদেশ এইচপি। দ্বিতীয় ম্যাচেও বড় জয় তুলে নিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ।
টি-টোয়েন্টি সিরিজ শেষে এবার ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। আগামী ১২ আগস্ট বসুন্ধরা স্পোর্টস সিটিতে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
সন্ধানী বার্তা/এসএ





