বুধবার , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশজুড়ে

ময়মনসিংহে তিন ঘণ্টার ব্যবধানে আবারও রেল দুর্ঘটনা, বন্ধ ট্রেন চলাচল

ময়মনসিংহে তিন ঘণ্টার ব্যবধানে আবারও রেল দুর্ঘটনা ঘটেছে। এবার জেলার আঠারবাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় জামালপুরগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়ে যাওয়ায় ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

সোমবার(১৫জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি আঠারবাড়ি স্টেশনের কাছাকাছি পৌঁছালে হঠাৎ এর ইঞ্জিনে আগুন লেগে চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে ইঞ্জিনটি সম্পূর্ণ বিকল হয়ে মাঝপথেই বন্ধ হয়ে যায় ট্রেনটি।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইঞ্জিনে আগুন ও ধোঁয়া দেখার পরপরই ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ইতিমধ্যেই একটি বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

দ্রুততম সময়ের মধ্যে বিকল্প ইঞ্জিনের সাহায্যে ট্রেনটিকে ময়মনসিংহে নিয়ে আসা সম্ভব হবে। ট্রেনটি স্টেশনে পৌঁছালেই ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

তিন ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় ঘটনা

এর আগে একই দিন দুপুরে ঢাকা-ময়মনসিংহ রুটেও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। বেলা সাড়ে ১২টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার শহীদনগর পশ্চিম গোলাবাড়ি বাজার এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে যায়।

পরবর্তীতে দীর্ঘ দুই ঘণ্টা পর দুপুর আড়াইটার দিকে ইঞ্জিনের হুক মেরামত করে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিলে ওই রুটে যোগাযোগ স্বাভাবিক হয়।

সন্ধানী বার্তা/এএইচ/এমএসআইপি 


সম্পর্কিত খবর