সকালে বিদ্যালয়ে যাবে শিশু, গায়ে থাকবে নতুন পোশাক, পায়ে জুতা, কাঁধে ব্যাগ। শ্রেণিকক্ষে পাঠদান হবে আধুনিক প্রযুক্তিতে। শিক্ষকের হাতে থাকবে ট্যাব, বিদ্যালয়ে মিলবে বিনামূল্যের তারবিহীন ইন্টারনেট। শুধু পড়াশোনা নয়, শিশুর পুষ্টি, পরিচ্ছন্নতা, খেলাধুলা ও সৃজনশীলতা বিকাশেও থাকবে বিশেষ ব্যবস্থা। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চেনা পরিবেশ বদলে দিতে এমনই বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। প্রায় ৪১ হাজার কোটি টাকার এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রাথমিক শিক্ষায় আসতে পারে বড় ধরনের পরিবর্তন।
- ৪১ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা
- শিক্ষার্থীরা পাবে বিনামূল্যে পোশাক, জুতা ও ব্যাগ, প্রত্যেক শিক্ষকের হাতে ট্যাব
- ৬৫ হাজার বিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী
- শ্রেণিকক্ষে আধুনিক প্রযুক্তি, মিলবে পুষ্টিকর খাবারও
পাঁচ বছর মেয়াদি পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৫) আওতায় শুধু অবকাঠামো নির্মাণ নয়, শিক্ষার্থীদের জন্য নিশ্চিত করা হবে নানা সুযোগ-সুবিধা। বিনামূল্যে দেওয়া হবে স্কুলের পোশাক, ব্যাগ, জুতা ও মোজা। প্রত্যেক শিক্ষক পাবেন একটি করে ট্যাব। ৬৫ হাজারের বেশি বিদ্যালয়ে রাখা হবে পরিচ্ছন্নতাকর্মী। নতুন শ্রেণিকক্ষ, আধুনিক শৌচাগার, খেলার মাঠ, নিরাপদ পানি এবং পুষ্টিকর খাবারের ব্যবস্থাও থাকছে পরিকল্পনায়।
কর্মসূচিটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪১ হাজার ৯০ কোটি ৪৮ লাখ টাকা। ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত এটি বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৩ হাজার ২০৩ কোটি ২৩ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা ৭ হাজার ৮৮৭ কোটি ২৫ লাখ টাকা। বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা অর্থায়ন ও কারিগরি সহায়তা দেবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তৈরি কর্মসূচির সারসংক্ষেপে এসব পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়েছে।
পোশাক থেকে জুতা, সবই বিনামূল্যে
নতুন উদ্যোগে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে শিক্ষার্থীদের দৈনন্দিন প্রয়োজনীয় উপকরণ। পরিকল্পনা অনুযায়ী, প্রত্যেক শিক্ষার্থী বছরে এক সেট স্কুলের পোশাক, একটি ব্যাগ, এক জোড়া জুতা ও মোজা পাবে। এ জন্য শিক্ষার্থীপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৯৫০ টাকা ব্যয় ধরা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, নতুন শিক্ষাবর্ষে বিনামূল্যে পাঠ্যবইয়ের পাশাপাশি এসব উপকরণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এক কোটির বেশি শিক্ষার্থীর জন্য পোশাকের মাপ, মান ও সরবরাহ নিশ্চিত করতে প্রস্তুতির প্রয়োজন। এ লক্ষ্যে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএসহ সংশ্লিষ্টদের নিয়ে কমিটি করা হয়েছে।
পরীক্ষামূলক কার্যক্রমের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান প্রায় দুই লাখ পোশাক দিয়েছে। বাটা ও অ্যাপেক্সসহ বড় জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান সরবরাহ করেছে প্রায় ৫০ হাজার জুতা। দরপত্রের মাধ্যমে উপকরণ সংগ্রহ করে ব্যয় কমানোর পরিকল্পনাও রয়েছে।
৬৫ হাজার বিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী
শিশুদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী রাখার পরিকল্পনা করা হয়েছে। একজন কর্মীর মাসিক সর্বোচ্চ বেতন হবে পাঁচ হাজার টাকা। পাঁচ বছরে এ খাতে ব্যয় ধরা হয়েছে প্রায় দুই হাজার কোটি টাকা।
একই সঙ্গে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে নির্মাণ করা হবে ১৫ হাজার ৬৪১টি নতুন শ্রেণিকক্ষ, দেড় হাজার শৌচাগার ব্লক, ১০ হাজার সীমানাপ্রাচীর এবং উন্নয়ন করা হবে চার হাজার খেলার মাঠ। নিরাপদ পানির ব্যবস্থা, কিশোরীবান্ধব শৌচাগার, শিক্ষা অফিস ও শিক্ষক প্রশিক্ষণকেন্দ্র নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
প্রত্যেক শিক্ষকের হাতে ট্যাব
প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির নতুন দিগন্ত খুলতে থাকছে ‘এক শিক্ষক, এক ট্যাব’ কর্মসূচি। এর আওতায় প্রত্যেক শিক্ষককে একটি করে ট্যাব দেওয়া হবে। বিদ্যালয়, শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও শিক্ষা অফিসে চালু করা হবে বিনামূল্যের তারবিহীন ইন্টারনেট। শ্রেণিকক্ষে স্থাপন করা হবে আধুনিক বৈদ্যুতিন পর্দা। ফলে প্রচলিত পাঠদানের পাশাপাশি ছবি, দৃশ্য ও প্রযুক্তিনির্ভর উপায়ে পাঠ বোঝানোর সুযোগ তৈরি হবে। ২০২৭ সালে এ কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতির লক্ষ্য রয়েছে।
পড়াশোনার পাশাপাশি পুষ্টি ও সৃজনশীলতায় জোর
শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে পড়া, লেখা ও গণিতের মৌলিক দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিতর্ক, অলিম্পিয়াড, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষামেলার আয়োজন করা হবে।
বিদ্যালয় থেকে ঝরে পড়া এবং শিক্ষার বাইরে থাকা শিশুদের ফিরিয়ে আনতে ‘আবার বিদ্যালয়ে’ কর্মসূচি নেওয়া হয়েছে। পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরিতে থাকবে ‘এক শিশু, এক গাছ’ উদ্যোগ। শিশুদের পুষ্টি নিশ্চিত করতে সম্প্রসারণ করা হবে মধ্যাহ্নভোজ কর্মসূচি। বর্তমানে ১৫০টি বিদ্যালয়ে চালু থাকা এ কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আগে রান্না করা খাবার এবং কুপনের মাধ্যমে খাবার সরবরাহ—দুটি পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালানোর পরিকল্পনা রয়েছে।
অর্থায়নে বিশ্বব্যাংক-এডিবি
কর্মসূচিতে বিশ্বব্যাংক ৩০০ মিলিয়ন এবং এশীয় উন্নয়ন ব্যাংক ৩২০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রস্তাব করেছে। ইউরোপীয় ইউনিয়ন, ইউনিসেফ, ইউনেস্কো এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইউপিটিআইওএম অনুদান ও কারিগরি সহায়তা দেবে। আগের চারটি প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারের পরিকল্পনায় নতুন মাত্রা যুক্ত করা হয়েছে। এবার গুরুত্ব পাচ্ছে বিদ্যালয়ের পরিবেশ, প্রযুক্তি, শিক্ষকদের দক্ষতা, শিশুর পুষ্টি এবং প্রকৃত শিখনফল।
পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বদলে যেতে পারে দেশের প্রাথমিক শিক্ষার চিত্র। বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি বাড়বে, কমবে শিক্ষা উপকরণের ব্যয়, উন্নত হবে পাঠদানের পরিবেশ। সবচেয়ে বড় কথা, আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিশুর শিক্ষাজীবন যেন বাধাগ্রস্ত না হয়, সেই সুযোগ তৈরির পথ খুলবে। কোটি শিশুর জন্য মানসম্মত, বৈষম্যহীন ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে ৪১ হাজার কোটি টাকার এই উদ্যোগ হতে পারে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
সন্ধানী বার্তা/ডিএইচ/এমকে