পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট, ভিসা কিংবা জাতীয় পরিচয়পত্র নিয়ে আলোচনা না করে তাঁর প্রত্যর্পণ নিয়ে কথা বলা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে একাধিক মামলা ও দণ্ডের বিষয় রয়েছে। তাই আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রত্যাবর্তন ও প্রত্যর্পণ এক নয়
রিজভী বলেন, প্রত্যাবর্তন ও প্রত্যর্পণ দুটি ভিন্ন বিষয়। কারও বিরুদ্ধে অপরাধের মামলা, দণ্ড কিংবা বিচারিক প্রক্রিয়া চলমান থাকলে তাঁর প্রত্যর্পণের বিষয়টি সামনে আসে। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে মামলা রয়েছে এবং বিভিন্ন মামলায় তাঁর সাজা হয়েছে। ফলে তাঁকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনতে হবে।
তিনি বলেন, আবু সাঈদ, মুগ্ধ, চট্টগ্রামের ওয়াসিম আকরামসহ অসংখ্য ছাত্র-জনতার হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনা জড়িত। ২০২৪ সালের আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থী, রিকশাচালক ও সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। এসব ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা চলছে।
রিজভীর ভাষ্য, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে হবে। তাঁকে গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা জানানোর কোনো প্রশ্নই আসে না।
৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন
৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে রিজভী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ইতিহাসে দিনটি গুরুত্বপূর্ণ। এদিনের মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, কথা বলার অধিকার ও রাজনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয় বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ নয় বছর আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৯০ সালে গণতন্ত্র পুনরুদ্ধার হয়। পরবর্তী সময়ে শেখ হাসিনার ১৭ বছরের শাসনামলেও দুঃশাসন প্রতিষ্ঠিত হয়েছিল বলে মন্তব্য করেন রিজভী। তাঁর বিরুদ্ধে বেগম খালেদা জিয়া আন্দোলনের ডাক দিয়েছিলেন।
জুলাই গণ-অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকার কথা
রিজভী বলেন, তারেক রহমান লন্ডন থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং প্রযুক্তির মাধ্যমে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাইয়ে গণ-অভ্যুত্থান হয়। শিক্ষার্থী, শ্রমিক, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে স্বৈরাচারী শাসনের অবসান ঘটান।
নারীর ক্ষমতায়নে সামাজিক আন্দোলনের আহ্বান
মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, দীর্ঘ ১৭ বছর তাঁরা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করেছেন। এখন নারীর ক্ষমতায়নে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া মেয়েদের উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী অনার্স পর্যন্ত শিক্ষাকে বিনামূল্যে করার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি নারী উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন ১০ লাখ টাকা ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ভূমিকা রাখবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে সভায় সংগঠনটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এমপিসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।সূত্র: ডিএইচবি
সন্ধানী বার্তা/এসএ/এমএসআইপি