বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও গ্ল্যামারেও নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন শর্বরী ওয়াঘ। এবার প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার জুটি আবু জানি ও সন্দীপ খোসলার ‘ডিস্কো ইনফার্নো’ ফ্যাশন শোতে শোস্টপার হিসেবে র্যাম্পে হেঁটে নজর কাড়লেন তিনি। ১৯৭০ ও ৮০-র দশকের সোনালি ডিস্কো যুগের আবহে তৈরি পোশাকের দুটি ভিন্ন লুকে দর্শকদের সামনে হাজির হন এই অভিনেত্রী।
মুম্বাইয়ের মোবারক বাগে আয়োজিত জমকালো এই ফ্যাশন আয়োজনে শর্বরীর উপস্থিতি ছিল অন্যতম আকর্ষণ। তার আত্মবিশ্বাসী ক্যাটওয়াক, ঝলমলে পোশাক এবং সাবলীল অভিব্যক্তি পুরো আয়োজনকে দিয়েছে বাড়তি মাত্রা।
লাল-সোনালিতে রেট্রো কুইনের সাজ
র্যাম্পে শর্বরীর প্রথম উপস্থিতি ছিল গাঢ় লাল ও সোনালি রঙের এক নাটকীয় পোশাকে। ভারী ক্রিস্টাল ও সোনালি কারুকাজে সাজানো ব্রালেটের সঙ্গে কোমরে ছিল ক্রিস্টাল ব্যান্ড। আর নিচে মেঝেছোঁয়া বিশাল ঘেরের লাল স্কার্ট। সব মিলিয়ে তার সাজে ফুটে উঠেছিল সত্তর-আশির দশকের ডিস্কো যুগের রাজকীয় গ্ল্যামার।
পোশাকের সাহসী কাট-আউট ও লম্বা ট্রেইল লুকে যোগ করে ভিন্ন মাত্রা। এর সঙ্গে ঢেউখেলানো চুল ও ন্যুড মেকআপে শর্বরীকে দেখাচ্ছিল বেশ আকর্ষণীয়। র্যাম্পে তার উপস্থিতি মুহূর্তেই দর্শকদের নজর কেড়ে নেয়।
দ্বিতীয় লুকে ঝলমলে ডিস্কো বল
প্রথম পোশাকের রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় লুকে হাজির হন শর্বরী। এবার তার পরনে ছিল শরীরের সঙ্গে মানানসই ঝলমলে ক্রিস্টালখচিত একটি মিনি ড্রেস। পোশাজুড়ে নিখুঁতভাবে বসানো ক্রিস্টাল ও পাথরের কাজ আলো পড়তেই তৈরি করে ঝিকিমিকি আভা।
এই লুকে তাকে অনেকটা জীবন্ত ‘ডিস্কো বল’-এর মতো দেখাচ্ছিল। প্রথম পোশাকে রেট্রো কুইনের রাজকীয়তা থাকলেও দ্বিতীয় সাজে ছিল পার্টি মুড ও ডিস্কো যুগের উচ্ছ্বাস।
ডিজাইনারদের নকশায় শর্বরীর আত্মবিশ্বাসী উপস্থিতি
আবু জানি ও সন্দীপ খোসলার নকশায় রাজকীয় কারুকাজ, ঝলমলে উপকরণ ও রেট্রো ফ্যাশনের মেলবন্ধন ছিল চোখে পড়ার মতো। সেই নকশাকে আত্মবিশ্বাসী ক্যাটওয়াকের মাধ্যমে আরও আকর্ষণীয় করে তোলেন শর্বরী।
দুটি ভিন্ন পোশাকে তার উপস্থিতি মুম্বাইয়ের এই ফ্যাশন সন্ধ্যার অন্যতম আলোচিত আকর্ষণে পরিণত হয়। ফ্যাশন ও গ্ল্যামারের জগতে নিজের অবস্থান আরও দৃঢ় করার পথে শর্বরীর এই র্যাম্প উপস্থিতি নিঃসন্দেহে নতুন সংযোজন।
সন্ধানী বার্তা/এসএ/জেএন


