জাতীয়

ডিসেম্বরের অপেক্ষায় প্রশাসন? সচিবদের সতর্কবার্তা মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির

ডিসেম্বর ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা হিসাব-নিকাশ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা নতুন করে সামনে আসায় রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে চলছে নানা আলোচনা। এই পরিস্থিতিতে প্রশাসনের ভেতরেও কেউ কেউ কি আগামী দিনের রাজনৈতিক সমীকরণের অপেক্ষায় রয়েছেন? সম্ভাব্য পটপরিবর্তনের কথা ভেবে সরকারি কাজে গতি কমিয়ে রাখছেন কি কেউ?
রাখঢাক না করে এমন স্পর্শকাতর প্রশ্নই এবার সরাসরি তুলেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের নিয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় তিনি জানতে চান, তাঁদের কেউ কি ডিসেম্বর মাসের অপেক্ষায় রয়েছেন? প্রশাসনের কোনো পর্যায়ে ইচ্ছাকৃতভাবে কাজের গতি কমিয়ে রাখা হচ্ছে কি না, সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

  • ডিসেম্বরের রাজনৈতিক সমীকরণ নিয়ে প্রশাসনের ভেতরে কোনো অপেক্ষা বা নিষ্ক্রিয়তা তৈরি হচ্ছে কি না, সেই প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের
  • সরকারি কর্মকর্তাদের মনে করিয়ে দিলেন, তাঁদের চাকরি কোনো সরকারের নয়, জনগণের প্রতি দায়িত্বের
  • প্রশাসনের কাজে গতি কমানোর সুযোগ নেই

মন্ত্রিপরিষদ সচিবের এই প্রশ্নের গুরুত্ব কেবল প্রশাসনিক কাজে ধীরগতি নিয়ে উদ্বেগ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়। এর মধ্য দিয়ে রাজনৈতিক পরিস্থিতির সম্ভাব্য পরিবর্তনকে সামনে রেখে প্রশাসনের কোনো অংশ দায়িত্ব পালনে অনীহা দেখাচ্ছে কি না, সেই বিষয়টিও আলোচনায় এসেছে। অর্থাৎ, প্রশাসন যেন কোনোভাবেই অপেক্ষমাণ বা নিষ্ক্রিয় প্রতিষ্ঠানে পরিণত না হয়, সেটিই ছিল তাঁর বক্তব্যের অন্যতম গুরুত্বপূর্ণ বার্তা।

‘ডিসেম্বরের অপেক্ষায়’ থাকার প্রশ্ন কেন?
শেখ হাসিনা নিজেই আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন। তাঁর এই বক্তব্যের পর দেশে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে তাঁর আইনজীবীদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন করার খবর সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

এমন প্রেক্ষাপটে মন্ত্রিপরিষদ সচিবের প্রশ্নটি বিশেষ গুরুত্ব বহন করছে। প্রশাসনের কর্মকর্তারা যদি সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের অপেক্ষায় থাকেন কিংবা ভবিষ্যৎ পরিস্থিতি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ ও দাপ্তরিক কাজে ধীরগতি দেখান, তাহলে সরকারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। নাসিমুল গনির প্রশ্নের মধ্য দিয়ে সেই আশঙ্কার বিষয়টিই সামনে এসেছে। তিনি সচিবদের সতর্ক করেছেন এবং প্রশাসনিক কাজে স্বাভাবিক গতি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন।

সরকারি চাকরি ‘হাক্কুল ইবাদত’, মনে করিয়ে দিলেন জনগণের অধিকার
প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ববোধ বোঝাতে সভায় একটি তাৎপর্যপূর্ণ প্রসঙ্গ তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি উপস্থিত সচিবদের কাছে জানতে চান, তাঁদের মধ্যে কতজনের দাদা সরকারি চাকরি করতেন। এ সময় তিনজন সচিব হাত তোলেন।

তখন নাসিমুল গনি বলেন, দেশ স্বাধীন না হলে তাঁদের সরকারি চাকরি করার সুযোগ তৈরি হতো না; বরং ক্ষেতখামারে কাজ করতে হতো। এরপর তিনি জানতে চান, হক কত প্রকার? একজন সচিব উত্তর দেন, দুই প্রকার। তখন তিনি জানতে চান, সরকারি চাকরি কোন ধরনের হকের মধ্যে পড়ে? জবাবে ওই সচিব বলেন, ‘হাক্কুল ইবাদ’।

নাসিমুল গনি বলেন, সরকারি চাকরি হাক্কুল ইবাদত হওয়ায় এর সঙ্গে পুরো দেশের মানুষের স্বার্থ জড়িত। তাঁর এই বক্তব্যের মূল তাৎপর্য হলো, সরকারি কর্মকর্তাদের দায়িত্ব কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা সাময়িক রাজনৈতিক পরিস্থিতির কাছে দায়বদ্ধ থাকার বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে দেশের সাধারণ মানুষের অধিকার।

একজন সরকারি কর্মকর্তা যখন কোনো ফাইল আটকে রাখেন, কোনো প্রস্তাব নিষ্পত্তিতে অযথা দেরি করেন কিংবা দায়িত্ব পালনে অবহেলা করেন, তখন তার প্রভাব পড়ে সেবাপ্রত্যাশী মানুষের ওপর। সরকারি সিদ্ধান্ত ও প্রশাসনিক কার্যক্রমের প্রতিটি স্তরে জনগণের স্বার্থ জড়িত। তাই রাজনৈতিক পরিস্থিতির অজুহাতে দায়িত্ব পালনে শৈথিল্য দেখানোর সুযোগ নেই—সচিবদের সামনে এই দায়িত্ববোধের কথাই তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব।

রাজনৈতিক পরিস্থিতি সরকারের, প্রশাসনের কাজ জনগণের
সভায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও শ্রমিক আন্দোলন নিয়েও আলোচনা হয়। তবে রাজনৈতিক পরিস্থিতি সরকার রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বলে জানানো হয়। পাশাপাশি প্রশাসনের সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে স্বাভাবিক গতিতে কাজ চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাব দ্রুত নিষ্পত্তি, প্রশাসনিক কাজে গতি বাড়ানো এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি জনগণের সামনে তুলে ধরার বিষয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত একজন সচিব নাম প্রকাশ না করার শর্তে জানান, রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলার বিষয়টি রাজনৈতিকভাবেই সরকারের বিবেচনায় থাকবে। কিন্তু প্রশাসনের কাজ থেমে থাকার সুযোগ নেই। মন্ত্রণালয় ও বিভাগগুলোকে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এবং ইতিমধ্যে নেওয়া উদ্যোগের তথ্য জনগণের সামনে তুলে ধরতে বলা হয়েছে। ওই সচিব আরও বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক নানা প্রতিকূলতার মধ্যেও সরকার দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। দেশে ও বিদেশে সরকারের প্রতি যে সমর্থন তৈরি হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার মাধ্যমে সরকারের কর্মকাণ্ড ও অর্জন জনগণের সামনে তুলে ধরা হবে।

সরকারের ধারাবাহিকতা ও প্রশাসনের নিরপেক্ষ কর্মতৎপরতার প্রশ্ন
প্রশাসন রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান চালিকাশক্তি। রাজনৈতিক সরকার পরিবর্তন হতে পারে, কিন্তু রাষ্ট্রের দৈনন্দিন কার্যক্রম ও জনগণকে সেবা দেওয়ার দায়িত্ব অব্যাহত থাকে। এ কারণেই রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে প্রশাসনিক কাজের গতি মিলিয়ে ফেলার সুযোগ নেই। মন্ত্রিপরিষদ সচিবের বক্তব্যে এই বাস্তবতার প্রতিফলন দেখা গেছে। তাঁর প্রশ্নের মধ্য দিয়ে সচিবদের কাছে জানতে চাওয়া হয়েছে, সম্ভাব্য রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে কেউ কি আগাম অবস্থান নিচ্ছেন?

দায়িত্ব পালনে কোনো ধরনের অপেক্ষা বা অনীহা তৈরি হয়েছে কি না? বিশেষ করে সরকারের বিভিন্ন প্রস্তাব, উন্নয়ন প্রকল্প, জনসেবামূলক কার্যক্রম এবং নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রয়োজন। এসব ক্ষেত্রে ধীরগতি তৈরি হলে তার দায় শেষ পর্যন্ত বহন করতে হয় সাধারণ মানুষকে। তাই প্রশাসনিক কার্যক্রম সচল রাখার বিষয়টি মন্ত্রিপরিষদ সচিবের বক্তব্যে বিশেষ গুরুত্ব পেয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে দিনের কর্মসূচি শুরু হওয়ার পর নোটিশ দিয়ে দুপুরে জরুরি এ সভা আহ্বান করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ নাজিমুল হায়দার সভার নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব এবং সচিবরা উপস্থিত ছিলেন।

প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনার উদ্যোগ
চলতি বছর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, তিনি ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দেন। গত ৯ নভেম্বর শেখ হাসিনার আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়ে দেশে ফেরার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন বলে জানা গেছে। এরপর ডিসেম্বরের দেশে ফেরার আলোচনা আরও জোরালো হয়।

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, সরকার শেখ হাসিনাকে দেশে ফেরার জন্য পাসপোর্ট বা ট্রাভেল পাস দেবে না। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি পররাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় যাচাই করে দেখছে। আবেদনটি যথাযথভাবে জমা দেওয়া হয়েছে কি না এবং আইনগতভাবে তাঁর আবেদন করার সুযোগ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে ভারতকে চিঠি দিয়েছে বলেও জানান তিনি।

সব মিলিয়ে ডিসেম্বর ঘিরে রাজনৈতিক আলোচনার মধ্যে মন্ত্রিপরিষদ সচিবের বক্তব্য প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। রাজনৈতিক পরিস্থিতি কী হবে, কে দেশে ফিরবেন কিংবা ভবিষ্যতে কী ঘটবে—এসব রাজনৈতিক বিষয়। কিন্তু রাষ্ট্রীয় দায়িত্ব পালনে প্রশাসনের কোনো অপেক্ষা থাকতে পারে না। সরকারি চাকরি যেহেতু জনগণের অধিকার ও স্বার্থের সঙ্গে সম্পৃক্ত, তাই কাজের গতি, দায়িত্বশীলতা ও জবাবদিহি বজায় রাখার তাগিদই দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

আরআই/এমকে


সম্পর্কিত খবর