প্রধান প্রতিবেদন

একের পর এক হাম-ডেঙ্গুর থাবা

এক রোগের ধকল কাটতে না কাটতেই আরেক রোগের হানা। কখনো হামের পর ডেঙ্গু, কখনো ডেঙ্গুর পর হাম। আবার কোনো কোনো শিশুর শরীরে একই সময়ে বাসা বাঁধছে দুটি রোগই। এর সঙ্গে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট যুক্ত হয়ে পরিস্থিতি হয়ে উঠছে আরও ভয়াবহ। দুই সংক্রামক রোগের এমন জোড়া আঘাতে ক্রমেই বিপন্ন হয়ে উঠছে দেশের শিশুরা। বাড়ছে চিকিৎসার জটিলতা, সেই সঙ্গে মৃত্যুর আশঙ্কা।

  • একের পর এক সংক্রমণে বাড়ছে প্রাণহানি 
  • হাম, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে দুই ভাইয়ের মৃত্যু 
  • চিকিৎসকেরা বলছেন বাড়তি সতর্কতার কথা

এই ভয়াবহতার নির্মম সাক্ষী চট্টগ্রামের মোহাম্মদ কবিরের পরিবার। মাত্র দুই দিনের ব্যবধানে দুই শিশুসন্তানকে হারিয়েছেন তিনি। ১০ বছর ও ১০ মাস বয়সী দুই ছেলেই আক্রান্ত হয়েছিল হাম, ডেঙ্গু ও নিউমোনিয়ায়। চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ ও ৮ নভেম্বর মৃত্যু হয় তাদের।

দুই সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন বাবা কবির। হাসপাতালের ভেতর তাঁর বুকফাটা আর্তনাদ—‘আমি শেষ হয়ে গেলাম।’ সন্তান হারানোর অসহনীয় যন্ত্রণায় মানসিকভাবে ভেঙে পড়েছেন মা আমেনা বেগমও। কখনো কখনো স্বামীকেও চিনতে পারছিলেন না তিনি।

কবিরের পরিবারের এই মর্মান্তিক পরিণতি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। রাজধানীর অন্তত চারটি বিশেষায়িত হাসপাতালে খোঁজ নিয়ে হাম ও ডেঙ্গুতে একসঙ্গে আক্রান্ত শিশুদের চিকিৎসা নেওয়ার তথ্য পাওয়া গেছে। গত দুই সপ্তাহে এমন অন্তত ১০টি পরিবারের সন্ধান মিলেছে।

চিকিৎসকেরা বলছেন, হাম ও ডেঙ্গু একসঙ্গে হলে শিশুর শরীরের ওপর চাপ অনেক বেড়ে যায়। হাম শিশুর রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল করে দিতে পারে। দেখা দিতে পারে নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ নানা জটিলতা। এর মধ্যে ডেঙ্গু যুক্ত হলে শিশুর অবস্থা আরও সংকটাপন্ন হওয়ার আশঙ্কা থাকে।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আতিকুল ইসলাম বলেন, হাম ও ডেঙ্গু একসঙ্গে হলে শিশুর শারীরিক অবস্থা জটিল হতে পারে। হামের কারণে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট দেখা দিলে ডেঙ্গু পরিস্থিতিকে আরও কঠিন করে তুলতে পারে।

চিকিৎসার ক্ষেত্রেও তৈরি হচ্ছে নানা সংকট। হাম নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর ডেঙ্গু ধরা পড়লে অনেক সময় শিশুকে হামের ওয়ার্ডেই রাখতে হয়। আবার ডেঙ্গু নিয়ে ভর্তি হওয়ার পর হাম শনাক্ত হলেও সব ক্ষেত্রে অন্যত্র সরিয়ে নেওয়া সম্ভব হয় না। বিশেষ পরিস্থিতিতে আলাদা কক্ষের ব্যবস্থা করতে হয়।

আরও উদ্বেগের বিষয়, হাসপাতালে হাম ও ডেঙ্গুর যুগপৎ সংক্রমণের আলাদা হিসাব রাখা হয় না। যে রোগের উপসর্গ নিয়ে শিশু প্রথমে ভর্তি হয়, সাধারণত সেই রোগের হিসাবেই তার নাম নথিভুক্ত করা হয়। ফলে একই শিশুর শরীরে দুটি রোগের সংক্রমণের প্রকৃত চিত্র পরিসংখ্যানে যথাযথভাবে উঠে আসছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

মৃত্যুর পরিসংখ্যানে বাড়ছে উদ্বেগ
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ৯ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ৮৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামজনিত রোগে আক্রান্ত বা ভর্তি হয়েছে ৩ হাজার ৬৬৮ জন। হামের জটিলতায় প্রাণ গেছে ১০৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব আরও উদ্বেগজনক। গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৪। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গে ১ হাজার ১৭৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৪৬৬ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৫২ হাজার ১৭৩।

রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালেও হামের ভয়াবহ চিত্র দেখা গেছে। চলতি বছরে সেখানে হামের কারণে ৫৪ জনের মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ২ হাজার ৯৬৮ জন এবং নিশ্চিত হাম নিয়ে ৭৪৪ জন। এ ছাড়া ডেঙ্গুতে আক্রান্ত অর্ধশত রোগীও সেখানে চিকিৎসা নিয়েছে। হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. এফ এ আসমা খান বলেন, একই সঙ্গে হাম ও ডেঙ্গুতে আক্রান্ত হলে দুটি রোগের চিকিৎসাই পাশাপাশি চালাতে হয়। তবে রোগীদের আলাদা রাখার সুযোগ সব সময় থাকে না। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মির্জা গোলাম সারওয়ারও মনে করেন, একই সময়ে দুটি সংক্রমণ থাকলে রোগীর জটিলতা বাড়তে পারে। যদিও এ ধরনের রোগীর সংখ্যা তুলনামূলক কম।

দুই রোগের সহ-সংক্রমণ নিয়ে গবেষণায়ও সতর্কবার্তা
হাম ও ডেঙ্গুতে একই সঙ্গে আক্রান্ত হওয়ার বিষয়টি নিয়ে আগেও গবেষণা হয়েছে। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি চিকিৎসাবিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত সুদানের এক গবেষণায় হামের উপসর্গ নিয়ে আসা ৬০ জনের রক্ত পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ১০ জনের শরীরে দুটি রোগের সংক্রমণের প্রমাণ পাওয়া যায়। গবেষণায় দেখা যায়, একসঙ্গে দুই রোগে আক্রান্তদের মধ্যে গুরুতর অসুস্থতা ও মৃত্যুর হার তুলনামূলক বেশি। চিকিৎসকেরা অবশ্য বলছেন, হাম শিশুর রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল করে দিতে পারে। তবে এর ফলে ডেঙ্গুর তীব্রতা সরাসরি বেড়ে যায় কি না, তা এখনো নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি।

প্রতিরোধে অবহেলার সুযোগ নেই
রোগতত্ত্ববিদদের মতে, একই সময়ে একাধিক সংক্রামক রোগ ছড়িয়ে পড়লে একজন ব্যক্তি উভয় রোগেই আক্রান্ত হতে পারেন। বাংলাদেশে বর্তমানে হাম ও ডেঙ্গুর বিস্তার সেই ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান বলেন, দুটি রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে একই ব্যক্তি উভয় সংক্রমণের শিকার হতে পারেন। এতে শারীরিক জটিলতার আশঙ্কা বেড়ে যায়। তবে হাম ও ডেঙ্গু ছড়ানোর পথ আলাদা হওয়ায় প্রতিরোধের ব্যবস্থাও আলাদা হতে হবে।

রোগতত্ত্ববিদ ডা. মুশতাক হোসেন বলেন, হাম ও ডেঙ্গু এখন জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ। হামে আক্রান্ত হওয়ার পর ডেঙ্গু হলে শিশুর অবস্থা আরও নাজুক হতে পারে। এ পরিস্থিতি সামাল দিতে শুধু হাসপাতালের চিকিৎসা যথেষ্ট নয়; রোগের বিস্তার ঠেকাতে কার্যকর ও সমন্বিত উদ্যোগ দরকার। বিশেষজ্ঞদের মতে, হাম প্রতিরোধে শিশুদের টিকা দেওয়া নিশ্চিত করতে হবে। পাশাপাশি ডেঙ্গু ঠেকাতে এডিস মশার বংশবিস্তার বন্ধ, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই।

একদিকে হাম, অন্যদিকে ডেঙ্গু—দুই রোগের চাপে শিশুদের জন্য পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে উঠছে। সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আরও অনেক পরিবারকে এমন মর্মান্তিক পরিণতির মুখোমুখি হতে হতে পারে। দুই সন্তান হারানো কবিরের বুকফাটা আর্তনাদ যেন আর কোনো বাবাকে করতে না হয়—এখন সেটিই সবচেয়ে বড় প্রত্যাশা।

সন্ধানী বার্তা/টিইকে/এমকে 


সম্পর্কিত খবর