চাকরি

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ

সরকারিভাবে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় দক্ষ পুরুষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। দেশটির DHL Supply Chain (Malaysia) Sdn. Bhd. প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে মোট ১১২ জন কর্মী নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

যেসব পদে নিয়োগ দেওয়া হবে
বিজ্ঞপ্তি অনুযায়ী, অপারেশনস অ্যাসিস্ট্যান্ট ও টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স—এই দুই পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। উভয় পদের জন্য মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২ হাজার টাকা।

অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে যোগ্যতা
এ পদে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক বা এসএসসি সমমান পাস হতে হবে। বৃত্তিমূলক বা উচ্চতর ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। পাশাপাশি ইংরেজিতে পড়া, লেখা ও যোগাযোগের দক্ষতা থাকতে হবে।

ওয়্যারহাউসে কাজ করার শারীরিক সক্ষমতার পাশাপাশি সংশ্লিষ্ট কাজে এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। ফর্কলিফট, পাওয়ার প্যালেট ট্রাক ও রিচ ট্রাক পরিচালনায় দক্ষতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে যোগ্যতা
এ পদে আবেদনের জন্য ন্যূনতম উচ্চমাধ্যমিক বা এইচএসসি সমমান পাস হতে হবে। ইলেকট্রিক্যাল বিষয়ে ভোকেশনাল, পলিটেকনিক বা স্নাতক ডিগ্রিধারীরা বিশেষ অগ্রাধিকার পাবেন। প্রার্থীদের ওয়্যারহাউসের নেটওয়ার্ক ক্যাবলিং, র‍্যাকিং এবং তথ্যপ্রযুক্তির বিভিন্ন সরঞ্জাম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

বয়স ও চাকরির মেয়াদ
আবেদনকারীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। চাকরির মেয়াদ তিন বছর, যা পরবর্তী সময়ে নবায়নযোগ্য। প্রতিদিন আট ঘণ্টা করে সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে। কোম্পানির প্রয়োজন এবং মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী অতিরিক্ত কাজের সুযোগও থাকবে।

আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে ৬ নভেম্বর সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত।

নিয়োগপ্রক্রিয়া ও প্রয়োজনীয় শর্ত
নিয়োগকর্তা কর্মীদের আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াতের ব্যবস্থা করবে। প্রার্থীদের পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ১৮ থেকে ২৪ মাস থাকতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। দেশে বা বিদেশে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন।

নিয়োগের প্রাথমিক ধাপে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে ৩০০ জন প্রার্থী বাছাই করা হবে। তাঁদের তালিকা বোয়েসেলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর নিয়োগকর্তার প্রতিনিধিরা কারিগরি ও মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্তভাবে ১১২ জন কর্মী নির্বাচন করবেন।

নিয়োগের নামে অর্থ লেনদেন না করার সতর্কতা
বোয়েসেল জানিয়েছে, নির্বাচিত কর্মীদের নিয়োগপ্রক্রিয়ার কোনো পর্যায়েই অর্থ ব্যয় করতে হবে না। তাই এ নিয়োগের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে অর্থ লেনদেন না করার জন্য সতর্ক করা হয়েছে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

সন্ধানী বার্তা/এসএ/এমএসআইপি


সম্পর্কিত খবর