সৌদি আরবের ক্রাউন প্রিন্সের আমন্ত্রণে শিগগিরই দেশটি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফরের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। একই সঙ্গে সৌদি আরবের ক্রাউন প্রিন্সও বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
‘কর্মশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের পুনর্কল্পনা’ শীর্ষক সেমিনারটির যৌথ আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।
সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্স বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং শিগগিরই সুবিধাজনক সময়ে সৌদি আরব সফর করবেন।
তিনি আরও বলেন, সৌদি ক্রাউন প্রিন্সও বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেছেন। তাঁর সুবিধাজনক সময়ে তাঁকে স্বাগত জানাতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।
বাংলাদেশ ও সৌদি আরবের প্রতিরক্ষা সহযোগিতা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ সৌদি আরবের একটি শক্তিশালী অংশীদার। দুই দেশের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির বিষয়েও ইতিবাচক আলোচনা চলছে।
তিনি বলেন, কোনো প্রতিরক্ষা চুক্তি বাংলাদেশের জাতীয় স্বার্থের অনুকূলে হলে সরকার সেটিকে ইতিবাচকভাবে বিবেচনা করবে। বাংলাদেশের শান্তিরক্ষার দক্ষতা মুসলিম দেশগুলোর সেবায় এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মীদের কল্যাণ, মর্যাদা ও অধিকার সরকারের কাছে অগ্রাধিকার পাবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, শ্রমিক নিয়োগের প্রক্রিয়া নিয়ন্ত্রণ এবং শ্রমিক ও নিয়োগকর্তাদের স্বার্থ রক্ষায় সৌদি আরবের সহযোগিতাকে বাংলাদেশ গুরুত্ব দেয়। বাংলাদেশি কর্মীদের শুধু শ্রমের উৎস হিসেবে নয়, বরং উন্নয়নের অংশীদার হিসেবে বিবেচনা করা উচিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়ক সচিব ড. মো. নজরুল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরীসহ অন্যরা।
সন্ধানী বার্তা/এসকে/এমএসআইপি