দেশজুড়ে

অপ্রতিমের জানাজায় স্বজন-সহপাঠীদের কান্না

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ প্রতিবেদন লেখার সময় কোটবাড়ির গন্ধমতিতে তার দাফন চলছিল।

১৩ বছর বয়সী অপ্রতিম বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় সে। এরপর আর বাড়ি ফেরেনি।

সন্ধান না পেয়ে ওইদিনই অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশে সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় তুহিন নামে এক যুবকের সম্পৃক্ততা থাকতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে। অপ্রতিম নিখোঁজ হওয়ার পর বিকেল থেকে ওই যুবক তার সঙ্গে ছিল বলে জানা গেছে। বর্তমানে তুহিন পুলিশ হেফাজতে রয়েছে। এছাড়া আনাস ও ফাহিম নামে আরও দুজনকে আটকের তথ্য পাওয়া গেছে।

অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকাণ্ডের কারণ ও ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে রোববার দুপুর ১২টায় পুলিশ বিস্তারিত জানাবে বলে জানা গেছে।

সন্ধানী বার্তা/এমএসআইপি 


সম্পর্কিত খবর