পে-কমিশনের আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো ব্যাংক, বিমা ও সরকারি আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করা হয়েছে।
নতুন আদেশ অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে নতুন বেতনস্কেলের সুবিধা কার্যকর ধরা হবে। তবে বাড়তি বেতন একসঙ্গে দেওয়া হবে না। তিন ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে।
আদেশ অনুযায়ী, প্রথম ধাপে ১ জুলাই ২০২৬ থেকে কর্মকর্তা পর্যায়ের (৯ম গ্রেড ও তদূর্ধ্ব) বেতন ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন ৫০ শতাংশ বাড়বে।
দ্বিতীয় ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কর্মকর্তাদের বেতন বৃদ্ধির হার বেড়ে ৭০ শতাংশ এবং কর্মচারীদের ৭৫ শতাংশ হবে।
শেষ ধাপে ২০২৭ সালের ১ জুলাই থেকে নতুন বেতনস্কেলের পুরো সুবিধা কার্যকর হবে।
নতুন আদেশে কর্মকর্তা-কর্মচারীদের মেডিকেল, বাড়িভাড়া, যাতায়াত ও উৎসব ভাতাসহ বিভিন্ন সুবিধার বিষয়ও স্পষ্ট করা হয়েছে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-সংক্রান্ত তথ্য অনলাইনে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে চুক্তিভিত্তিক ও শিক্ষানবিশ কর্মীদের ক্ষেত্রে কিছুটা আলাদা নিয়ম প্রযোজ্য হবে।
দীর্ঘদিন ধরে ব্যাংক ও বিমা খাতের কর্মকর্তা-কর্মচারীরা নতুন বেতন কাঠামোর অপেক্ষায় ছিলেন। সরকারের নতুন আদেশের ফলে ধাপে ধাপে তাদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া শুরু হলো।
সন্ধানী বার্তা/এমএসআইপি