রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে এ মিছিল হয়।
মতিঝিল বিভাগের এডিসি রেজওয়ান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে কয়েকজন মিছিল নিয়ে বের হন। আশপাশে পুলিশ থাকায় তাদের ধাওয়া দেওয়া হয়। মাত্র ১০ থেকে ১৫ সেকেন্ডের মধ্যে মিছিল করে তারা দ্রুত সরে যান। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এর আগে শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মহাখালী, যাত্রাবাড়ী ও মালিবাগে ককটেল বিস্ফোরণের পাশাপাশি রাতে মিরপুরের কাফরুল এলাকায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় জড়িতদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
সম্প্রতি আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে জুলাইয়ের সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত মিছিল ও বিস্ফোরণের ঘটনা ঘটছে।
সন্ধানী বার্তা/এমএসআইপি