যুক্তরাষ্ট্রের জনপ্রিয় মাংসের স্ন্যাকস স্লিম জিম সাধারণত কয়েক ইঞ্চি লম্বা হয়। তবে এবার সেই ছোট্ট স্ন্যাকসই তৈরি হয়েছে ৪২৯ ফুটের বেশি লম্বা। নেব্রাস্কার ওমাহা শহরে তৈরি এই বিশাল স্লিম জিম জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।
যুক্তরাষ্ট্রের খাদ্যপণ্য নির্মাতা প্রতিষ্ঠান কনাগ্রা ব্র্যান্ডস তৈরি করেছে রেকর্ড গড়া এই স্ন্যাকস। এর দৈর্ঘ্য ৪২৯ ফুট ৫ দশমিক ৪ ইঞ্চি—প্রায় একটি ফুটবল মাঠের সমান। আগের রেকর্ডের চেয়েও এটি প্রায় ১১৬ ফুট বেশি লম্বা।
বিশাল এই স্ন্যাকস তৈরির কাজ করেছে কনাগ্রার বিশেষ ‘ব্লেজ ক্রু’। দলের সদস্যরা জানান, আকারে বিশাল হলেও স্লিম জিমের স্বাদ ও তৈরির মূল ফর্মুলা যেন প্রচলিত স্ন্যাকসটির মতোই থাকে, সেটি নিশ্চিত করতে তাঁরা দীর্ঘ সময় কাজ করেছেন।
স্ন্যাকসটি এতটাই লম্বা ছিল যে সাধারণ কোনো পাত্রে রাখা সম্ভব হয়নি। তাই প্রথমে এটিকে একটি বিশাল তারের চাকায় পেঁচিয়ে রাখা হয়। পরে একাধিক টেবিলের ওপর লম্বালম্বিভাবে সাজানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের একজন বিচারক। ফিতা দিয়ে মেপে তিনি স্ন্যাকসটির রেকর্ড নিশ্চিত করেন।
কনাগ্রা ব্র্যান্ডসের গবেষণা ও উন্নয়ন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জেস সোয়েলি বলেন, এই রেকর্ড তাঁদের দলের সৃজনশীলতা, দক্ষতা ও কঠোর পরিশ্রমের প্রতিফলন। কর্মীদের কাজের প্রতি ভালোবাসা উদ্যাপন করতেই ব্যতিক্রমী এই উদ্যোগ নেওয়া হয়েছিল।
রেকর্ড গড়া স্লিম জিমটির বড় একটি অংশ পরে উপস্থিত কর্মীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়।
সন্ধানী বার্তা/এসএ