দেশজুড়ে

ঈদে যাত্রীসেবা নিশ্চিতে বিআইডব্লিউটিএর হটলাইন চালু

আসন্ন ঈদুল ফিতরে নৌপথে চলাচলকারী যাত্রীদের কোনো জরুরি প্রয়োজনে ও সেবা সংক্রান্ত বিষয়ে বিআইডব্লিউটিএর হটলাইন নম্বর-১৬১১৩ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর, ২০২৬ উপলক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে নৌপথে ঘরমুখো যাত্রীদের নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিতকল্পে এই বিআইডব্লিউটিএর হটলাইন চালু করা হয়েছে।

ঈদযাত্রাকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে সংশ্লিষ্ট সংস্থাসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

নৌপথে যাত্রীদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক যাত্রীদের নির্ধারিত নৌপথ ব্যবহার করে নিরাপদে যাতায়াতের জন্য অনুরোধ জানানো হয়েছে।এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ নৌসেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী ১৭ মার্চ থেকে যাত্রীসেবায় বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট এবং ঢাকার বসিলা লঞ্চঘাট থেকে নির্ধারিত বিভিন্ন রুটে লঞ্চ ও স্টিমার সার্ভিস চালু থাকবে।

এ ব্যবস্থার আওতায় কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া-ডেমরা-নারায়ণগঞ্জ-চাঁদপুর-কালিগঞ্জ-হিজলা-বরিশাল নৌরুটে নৌযান চলাচলের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ঢাকাস্থ বসিলা ব্রিজ সংলগ্ন বসিলা লঞ্চঘাট থেকে বসিলা-সদরঘাট-মুন্সিগঞ্জ-চাঁদপুর-ঈদগা ফেরিঘাট, শরীয়তপুর-ইলিশা-হাকিমুদ্দিন-গলাচিপা নৌরুটে যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।
সন্ধানী বার্তা/জেএন


সম্পর্কিত খবর