চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল সংসদের ভিপি রিপুল চাকমাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নাছিম উদ্দিনের বিরুদ্ধে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের ৩১৩ নম্বর কক্ষে অবৈধভাবে শিক্ষার্থী থাকার অভিযোগকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
জানা যায়, ৩১৩ নম্বর কক্ষে অবৈধভাবে শিক্ষার্থী থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে হল প্রশাসনের এক শিক্ষক ও হল সংসদের কয়েকজন সদস্য কক্ষটি পরিদর্শনে যান। তবে সেখানে অবৈধভাবে কোনো শিক্ষার্থী থাকার প্রমাণ পাওয়া যায়নি।
কক্ষে যাওয়ার পর হল সংসদের সদস্যদের সঙ্গে সেখানে থাকা শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাছিম উদ্দিন রিপুল চাকমাকে উদ্দেশ করে বলেন, ‘চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন আছে, এরপর পিটিয়ে বের করে দেবো।’
এ বিষয়ে রিপুল চাকমা বলেন, ‘কয়েকটি জিনিসপত্র নিয়ে একজন শিক্ষার্থী হলে এসে ৩১৩ নম্বর কক্ষে উঠেছে বলে জানায়। পরে স্যারসহ আমরা সেখানে যাই। একপর্যায়ে আমাকে হুমকি দেওয়া হয়। এই রুম নিয়ে আগে থেকেই ঝামেলা রয়েছে।’
তবে হুমকি দেওয়ার বিষয়টি স্বীকার করলেও এর পেছনে ভিন্ন কারণের কথা জানিয়েছেন ছাত্রদল নেতা নাছিম উদ্দিন। তার দাবি, রিপুল চাকমা তাকে গালি দেওয়ার পর তিনি ওই মন্তব্য করেন।
নাছিম উদ্দিন বলেন, ‘আমাদের রুম নিয়ে মিথ্যা অপবাদ দিতে পারিস না—এ কথা বলার পর সে বলে, এটা তার অধিকার। আমাকে গালি দিলে আমি তখন তাকে হুমকি দিই। আমি হুমকি দিয়েছি, তবে আমাকে গালি দেওয়ার পর।’
হলের সিনিয়র আবাসিক শিক্ষক ড. মো. নূরে আলম বলেন, অভিযোগ পাওয়ার পর তিনি ৩১৩ নম্বর কক্ষে যান। কক্ষে থাকা শিক্ষার্থীরা জানান, সেখানে কোনো অবৈধ শিক্ষার্থী নেই; তারা অতিথি ছিলেন। এরপর তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম বলেন, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলে অবৈধভাবে শিক্ষার্থী থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি কক্ষে অভিযান চালানো হয়েছিল। তবে সেখানে অবৈধ শিক্ষার্থী থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তিনি বলেন, ‘এ বিষয়কে কেন্দ্র করে যা হয়েছে, অভিযোগ দিলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।’
সন্ধানী বার্তা/এসএ