রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ইউসুফ আলীকে পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহীর সফর শেষে শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি সেখানে উপস্থিত রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে হাত মেলান।
প্রদত্ত তথ্যানুযায়ী, এ সময় রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভেঙে ঝুঁকে তাঁর দিকে এগিয়ে আসার চেষ্টা করেন। এর পরপরই তাঁকে বিভাগীয় কমিশনারের পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে ঢাকার বাইরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি নিয়ে মঙ্গলবার রাজশাহীতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল পৌনে ৯টার দিকে তিনি ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন। পরে সেখান থেকে রাজশাহীতে যান।
রাজশাহীতে নির্ধারিত কর্মসূচি শেষে সন্ধ্যায় শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। তাঁর সফরের দিনই বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশ আসে।
তবে প্রজ্ঞাপনে বদলি বা সংযুক্তির কারণ উল্লেখ করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
সন্ধানী বার্তা/এএইচ/এমএসআইপি