ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় নির্ধারণসহ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের ১৩তম সভা অনুষ্ঠিত হচ্ছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সভায় সভাপতিত্ব করছেন। এতে অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।
কমিশন সূত্রে জানা গেছে, সভার আলোচ্যসূচিতে স্থানীয় সরকার পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনসংক্রান্ত বিষয় রাখা হয়েছে। এসব নির্বাচনের সময় নির্ধারণসহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
আলোচনায় জাতীয় পরিচয়পত্র ও নির্বাচন পদক
১৩তম কমিশন সভার আলোচ্যসূচিতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণের বিষয়টিও রয়েছে।
এ ছাড়া জাতীয় পরিচয়পত্রের পার্সোনালাইজেশন সেন্টারে থাকা যন্ত্রপাতির অবস্থা ও রক্ষণাবেক্ষণ, কার্ড মুদ্রণ, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদনের বিষয়ে গঠিত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা করা হবে। এসব বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার বিষয়েও আলোচনা রয়েছে।
সভায় ‘জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫’-এর খসড়া অনুমোদনের বিষয়টিও আলোচ্যসূচিতে রাখা হয়েছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কমিশনের আলোচনার পর কী সিদ্ধান্ত আসে, এখন সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।
সন্ধানী বার্তা/ডিএইচ/এমএসআইপি