বিনোদন

রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের দৃশ্য!

দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’ মুক্তির আগেই আলোচনায় এসেছে বড় ধরনের কাটছাঁটের কারণে। সিনেমাটির প্রাথমিক দৈর্ঘ্য ছিল ৪ ঘণ্টা ২৫ মিনিট। পরে সেখান থেকে ১০০ মিনিটেরও বেশি দৃশ্য বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে। বর্তমানে সিনেমাটির দৈর্ঘ্য দাঁড়িয়েছে ২ ঘণ্টা ৪৫ মিনিটে।

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’-এর সাফল্যের পর এর দ্বিতীয় কিস্তি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। আগামী ১৬ অক্টোবর বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এরই মধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্রও পেয়েছে ছবিটি।

সিঙ্গাপুরভিত্তিক মুভিজ সিঙ্গাপুরের প্রতিবেদনের বরাত দিয়ে পিঙ্কভিলা জানিয়েছে, ‘জেলার ২’-এর প্রাথমিক দৈর্ঘ্য ছিল ২৬৫ মিনিট। পরে ১০০ মিনিটেরও বেশি অংশ বাদ দেওয়ার পর এর দৈর্ঘ্য কমে ১৬৫ মিনিটে দাঁড়ায়।

প্রতিবেদন অনুযায়ী, মূল গল্পের ধারাবাহিকতা বজায় রাখা এবং অপ্রয়োজনীয় অংশ এড়িয়ে চলার লক্ষ্যেই সিনেমাটির দৈর্ঘ্য কমানো হয়ে থাকতে পারে। তবে ঠিক কোন কোন দৃশ্য বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

‘জেলার ২’-এ অবসরপ্রাপ্ত কারারক্ষী টাইগার মুথুভেল পান্ডিয়ান চরিত্রে আবারও দেখা যাবে রজনীকান্তকে। প্রথম সিনেমার ঘটনার পর অতীতের সহিংস জীবন থেকে দূরে সরে শান্তিতে থাকার চেষ্টা করেন তিনি। কিন্তু বিপজ্জনক এক সাম্রাজ্য তাঁর পরিবার ও উত্তরাধিকারের জন্য হুমকি হয়ে দাঁড়ালে আবারও পুরোনো জীবনে ফিরতে বাধ্য হন টাইগার।

সিনেমাটিতে রজনীকান্তের সঙ্গে প্রথম কিস্তির রাম্যা কৃষ্ণন, যোগী বাবু, জ্যাকি শ্রফ ও মির্নাকেও দেখা যাবে। নতুন করে যুক্ত হয়েছেন এস জে সূর্য, সুরজ, বিদ্যা বালান ও মিঠুন চক্রবর্তীর মতো তারকারা।

এ ছাড়া মোহনলাল, শিব রাজকুমার, বিজয় সেতুপতি ও হৃতিক রোশনকে সিনেমাটিতে অতিথি চরিত্রে দেখা যেতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মুক্তির আগে ‘জেলার ২’-এর প্রি-রিলিজ অনুষ্ঠান আয়োজনেরও কথা রয়েছে। সান নেক্সটে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে বলে জানা গেছে। এখন দর্শকদের অপেক্ষা, বড় পর্দায় রজনীকান্তের ‘টাইগার’ এবার কী চমক নিয়ে হাজির হন।

সন্ধানী বার্তা/ডিএইচ/এমএসআইপি 


সম্পর্কিত খবর