জাতীয়

পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় যুক্ত হওয়ার আহ্বান: প্রধানমন্ত্রী

পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিশুদের যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সব প্রাণীর প্রতি সদয় এবং পরিবেশ ও প্রকৃতির প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এসব গুণ অর্জনের মধ্য দিয়েই শিশুদের মানুষের মতো মানুষ হয়ে উঠতে হবে।

‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’

মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমিতে ‘শিশু অধিকার দিবস ২০২৬’ ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিশুদের উদ্দেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এবারের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান।

শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর আনন্দঘন সময়

সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে শিশুরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। পরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানে শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। পরিবেশনায় অংশ নেওয়া শিশুদের সঙ্গে পরে কুশল বিনিময় ও ফটোসেশনে অংশ নেন তিনি।

এ সময় শিশুদের সঙ্গে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী স্নেহের সঙ্গে শিশুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হওয়া শিশুরাও তাঁর সঙ্গে কথা বলার সুযোগ পায়।

শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি পরিদর্শন

অনুষ্ঠান শেষে শিশু জাদুঘর ভবনে শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই ভবনের নিচতলায় স্থাপিত সোলার প্যানেল ও সাব-স্টেশনেরও উদ্বোধন করেন তিনি।

এর আগে শিশুদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সম্মাননা স্মারক দেওয়া হয়। পাশাপাশি শিশু অধিকার দিবস উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

তথ্যসূত্র: বাসস

সন্ধানী বার্তা/এএইচ/এমএসআইপি


সম্পর্কিত খবর