জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাওয়া বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের অংশগ্রহণের একটি ছবিকে এআই-নির্মিত বলে বিতর্কিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
রোববার (৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রেস উইং এ দাবি করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৩ অক্টোবর) নিউইয়র্কে অনুষ্ঠিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীর অংশগ্রহণের একটি ছবি হোয়াইট হাউস থেকে পাঠানো হয়। পরে ছবিটি জনসাধারণের জন্য প্রকাশ করা হয়।
প্রেস উইংয়ের দাবি, প্রকাশিত মূল ছবিটিকে মিথ্যা প্রমাণের চেষ্টা করতে এর সঙ্গে একটি এআই-নির্মিত ছবি যুক্ত করে প্রচার চালানো হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এআই-নির্মিত ওই ছবিতে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি ছবিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে। সেখানে ট্রাম্পকে কার্ডবোর্ডের কাটআউট হিসেবে দেখানো হয়েছে। ওই ছবিকে সত্য হিসেবে উপস্থাপন করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের সঙ্গে ট্রাম্পের প্রকাশিত ছবিটিকে মিথ্যা দাবি করার চেষ্টা চলছে বলে প্রেস উইংয়ের অভিযোগ।
প্রেস উইং আরও জানায়, আলবেনিয়াভিত্তিক সংবাদ ও বিশ্লেষণধর্মী প্ল্যাটফর্ম Pamfleti.net-এর ২ অক্টোবরের এক প্রতিবেদনে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ট্রাম্পের কথিত ছবিটি নিয়ে যাচাই করা হয়। ওই প্রতিবেদনে ছবিটিকে এআই-নির্মিত বা ম্যানিপুলেটেড হিসেবে উল্লেখ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রেস উইংয়ের ভাষ্য, যাচাইয়ে এআই-নির্মিত বা পরিবর্তিত হিসেবে উল্লেখ করা ওই ছবিকেই ব্যবহার করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের প্রকাশিত ছবিটিকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।
সন্ধানী বার্তা/এএএন/এমএসআইপি