ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তারের সময় গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের উদ্দেশে ‘ডিবি ভাই, হাতে হ্যান্ডকাফ পরান’ বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। পরে তাকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারের সময়ের একটি ভিডিওতে দেখা যায়, লুঙ্গি ও পাঞ্জাবি পরা অবস্থায় ডিবি সদস্যদের সঙ্গে বাসা থেকে বের হয়ে গাড়িতে ওঠেন আখতারুজ্জামান। এ সময় তিনি পুলিশের সদস্যদের উদ্দেশে বিভিন্ন কথা বলেন। একপর্যায়ে তিনি বলেন, ‘ও ভাই, ডিবি ভাই, হাতে হ্যান্ডকাফ পরান।’ একই সঙ্গে দুই হাত উঁচু করে মুষ্টিবদ্ধ অবস্থায় হ্যান্ডকাফ পরানোর ইশারা করেন।
বর্তমানে আখতারুজ্জামান বিমানবন্দর থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) রেজাউল করিম জানান, বিমানবন্দর থানায় করা একটি মামলায় আখতারুজ্জামানকে আসামি করা হয়েছে। আগামীকাল শনিবার তাকে আদালতে পাঠানো হবে। এ জন্য ফরওয়ার্ডিং প্রস্তুত করা হচ্ছে। তাকে রিমান্ডে নেওয়া হবে কি না, সে বিষয়েও প্রক্রিয়া চলছে।
এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে বিমানবন্দর থানায় মামলা করা হয়। মামলা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ডিবি।
ডিবির প্রধান শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের পর বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সন্ধানী বার্তা/এএইচ/এমএসআইপি